প্রধান খবরবাংলাদেশ

রাবিতে শিক্ষক নিয়োগে জামায়াত নেতার সুপারিশ, ‘ফেসবুক স্টোরিতে’ প্রকাশ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক উপ-উপাচার্যের নিজস্ব ফেসবুক অ্যাকাউন্ট থেকে সাবেক জামায়াত সংসদ সদস্যের রেফারেন্স-সংবলিত প্রভাষক পদের এক প্রার্থীর প্রবেশপত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। শনিবার (২ আগস্ট) রাতে উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ফরিদ উদ্দীন খানের ফেসবুক অ্যাকাউন্ট থেকে স্টোরির মাধ্যমে প্রবেশপত্রটি ছড়িয়ে পড়ে।

তবে প্রবেশপত্রটি ‘ভুলবশত স্টোরিতে এসে গেছে’ বলে সামাজিক যোগাযোগমাধ্যমে দুঃখ প্রকাশ করেছেন উপ-উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দীন খান।

বিশ্ববিদ্যালয়ের ক্রপ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগে প্রভাষক পদের ওই প্রার্থীর নাম আজমীরা আরেফীন। তার প্রবেশপত্রে কলমের কালিতে ইংরেজিতে লেখা আছে, ‘রেফারেন্স মো. লতিফুর রহমান, এক্স এমপি, চাঁপাইনবাবগঞ্জ।’

প্রবেশপত্র অনুযায়ী, আগামীকাল সোমবার সকাল ১০টায় উপাচার্যের বাসভবনস্ত দফতরে আজমীরা আরেফীনের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।

খোঁজ নিয়ে জানা গেছে, রেফারেন্সে উল্লিখিত লতিফুর রহমান চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর সাবেক নায়েবে আমির। তিনি ১৯৮৬ সালের তৃতীয় জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর মনোনয়ন নিয়ে চাপাইনবয়াবগঞ্জ-৩ আসন থেকে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। এরপর ১৯৯১ সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে একই আসন থেকে দ্বিতীয়বার সংসদ সদস্য নির্বাচিত হন।

বিষয়টি নিয়ে রাবি উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ফরিদ উদ্দিন খান তার এক ফেসবুক পোস্টে বলেছেন, ‘আমার ফেসবুক স্টোরিতে একজন আবেদনকারীর প্রবেশপত্র কীভাবে আপলোড হয়েছে বুঝতে পারিনি। তবে মোবাইল ফোনটি নিয়ে আমার ছেলে বেশকিছু সময় গেম খেলছিল। তখন হয়তো ভুলবশত স্টোরিতে এসে গেছে। উল্লেখ্য, প্রতিদিনই কোনও না কোনও আবেদনকারী বা তাদের পক্ষে বিভিন্ন সূত্রে সাক্ষাৎ করতে এসে সিভি-প্রবেশপত্র দিয়ে যায়, আবার অনেকে ফোন করে আবেদনকারীর প্রবেশপত্র হোয়াটসঅ্যাপে সেন্ড করে, কেউ টেক্সট করে সুপারিশ পাঠায়।’

দুঃখ প্রকাশ করে অধ্যাপক ফরিদ উদ্দিন খান বলেছেন, ‘রুয়ার নির্বাচনের সময় একজন অ্যালামনাই যিনি সাবেক এমপি ছিলেন ওনার সঙ্গে পরিচয় হয়। কয়েকদিন আগে উনি ফোন করে ওনার এলাকার একজন আবেদনকারীর কথা বলেন এবং তার প্রবেশপত্র পাঠান। পরিচিত অনেকেই এরকম সুপারিশ করেন। তাদের মধ্যে ছাত্র, শিক্ষক, বন্ধু, সহকর্মী, রাজনৈতিক অনেকেই আছেন। এই মুহূর্তে আমার অফিসে এবং মোবাইল ফোনে ডজনখানেক এরকম সুপারিশ আছে। তবে এগুলো কোনোভাবেই লিখিত এবং মৌখিক পরীক্ষায় প্রভাব ফেলে না। আশা করি, বিষয়টি নিয়ে কেউ ভুল বুঝবেন না। ভুলবশত এই স্টোরির জন্য দুঃখ প্রকাশ করছি, ধন্যবাদ।’

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension