
রাম মন্দির ইস্যু, অযোধ্যায় সাধু সমাবেশ
রূপসী বাংলা কলকাতা ডেস্ক: ভারতে নরেন্দ্র মোদির দল বিজেপির দ্বিতীয়বারের মতো ক্ষমতায় আসতে না আসতেই উত্তর প্রদেশের অযোধ্যায় বাবরি মসজিদের স্থলে রাম মন্দিরের দাবিতে আবারও সরব হচ্ছে কট্টর হিন্দুত্ববাদী সংগঠন আরএসএস ও বিশ্ব হিন্দু পরিষদ। এ লক্ষে বাবরি মসজিদ প্রাঙ্গনে সপ্তাহব্যাপী সাধু সমাবেশের আয়োজনের ঘোষণা দিয়েছে তারা। রাম মন্দির ট্রাস্টের প্রধান মোহন্ত নৃত্য গোপাল দাসের জন্মদিন উপলক্ষে এমন আয়োজন করা হবে বলে জানানো হয়েছে।
সোমবার মনি রাম চাভনিতে এক সভা অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন বিশ্ব হিন্দু পরিষদ এবং রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের শীর্ষ স্থানীয় প্রতিনিধিরা। এছাড়াও শতাধিক সাধু হাজির ছিলেন সেই সভায়।
চলতি মাসের সাত তারিখে অর্থাৎ চলতি সপ্তাহের শুক্রবারে ট্রাস্ট প্রধানের জন্মদিন। ওই দিন থেকে শুরু হবে অনুষ্ঠান। এক সপ্তাহ ধরে চলা সেই অনুষ্ঠান চলতি মাসের আগামী ১৫ তারিখে শেষ হবে বলে জানানো হয়েছে। অনুষ্ঠানে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে আমন্ত্রণ জানানো হবে।
এর আগে গত বছর একাধিক হিন্দুত্ববাদী সংগঠন সমাবেশ করেছিল অযোধ্যায়। যদিও সেটা ছিল কেবলই এক দিনের অনুষ্ঠান। এবারে আট দিনের অনুষ্ঠান করার পরিকল্পনা করা হয়েছে। তবে দুই ক্ষেত্রেই মুখ্য উদ্দেশ্য একই রয়েছে। যা হল- অযোধ্যায় দ্রুত রাম মন্দিরের নির্মাণ।
এই বিষয়ে মনি রাম চাভনির প্রধান মোহন্ত কমল নারায়ণ বলেন, ‘রাম মন্দির নির্মাণের উপযুক্ত সময় এসেছে। এই অবস্থায় অনেক সাধু একত্রিত হতে চাইছে। এই অবস্থায় মোহন্ত নৃত্য গোপাল দাসের জন্মদিন পালন করা হবে। এতে বিতর্কের কিছুই নেই। এই অনুষ্ঠানে প্রশ্ন তোলার মতোই কোনো বিষয় নেই।’
বিজেপি বিশাল ব্যবধানে জয় পেয়েছে। এই অবস্থায় রাম মন্দির নির্মাণে আর কোনও বাধা থাকছে না বলেই মনে করছে হিন্দুত্ববাদী সংগঠনগুলি।



