
রাশিয়ার বিরুদ্ধে ভোট দেওয়ায় মাদাগাস্কারের পররাষ্ট্রমন্ত্রী বরখাস্ত
জাতিসংঘে রাশিয়ার বিরুদ্ধে ভোট দেওয়ায় মাদাগাস্কারের পররাষ্ট্রমন্ত্রীকে বরখাস্ত করা হয়েছে। দেশটির প্রেসিডেন্ট কার্যালয়ের বরাত দিয়ে এ খবর জানিয়েছে রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, গণভোটের মাধ্যমে গত সপ্তাহে ইউক্রেনের চারটি অঞ্চলকে রাশিয়ার সঙ্গে সংযুক্ত করার নিন্দা জানিয়ে জাতিসংঘের সাধারণ পরিষদে যে ভোটাভুটি হয়, তাতে ওই পররাষ্ট্রমন্ত্রী রাশিয়ার বিপক্ষে ভোট দিয়েছিলেন।
গত মঙ্গলবার একটি বিশেষ প্রেসিডেন্সিয়াল ডিক্রির মাধ্যমে পররাষ্ট্রমন্ত্রী রিচার্ড রন্দ্রিয়মন্দ্রতোকে বরখাস্ত করেন প্রেসিডেন্ট আন্দ্রি রাজোয়েলিনা। ডিক্রিতে বলা হয়েছে, পররাষ্ট্রমন্ত্রী থাকাকালীন বিভিন্ন সিদ্ধান্তের জন্য রিচার্ড রন্দ্রিয়মন্দ্রতো নিজে ব্যক্তিগতভাবে দায়ী থাকবেন। তাকে বরখাস্ত করার নির্দিষ্ট কোনো কারণ ডিক্রিতে উল্লেখ করা হয়নি। তবে সংশ্লিষ্টরা ধারণা করছেন, জাতিসংঘে রাশিয়ার বিরুদ্ধে ভোট দেওয়ার অপরাধেই তাকে বরখাস্ত করা হয়েছে।
ইউক্রেনের চারটি অঞ্চল রাশিয়ার সঙ্গে সংযুক্তিকরণকে ‘অবৈধ প্রচেষ্টা’ আখ্যা দিয়ে গত সপ্তাহে জাতিসংঘের সাধারণ পরিষদ নিন্দা প্রস্তাবের আয়োজন করে। ওই প্রস্তাবে রাশিয়ার সংযুক্তিকরণকে স্বীকৃতি না দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানায় জাতিসংঘ। ভোটে জাতিসংঘের ১৯৩টি দেশের মধ্যে ১৪৩টি দেশ নিন্দা প্রস্তাবে সমর্থন দেয়। ভোটদানে বিরত ছিল ৩৫টি দেশ। এর মধ্যে ১৮টিই ছিল আফ্রিকান।
গত সপ্তাহের আগ পর্যন্ত বিভিন্ন সময় রাশিয়ার বিরুদ্ধে ভোট দেওয়া থেকে বিরত ছিল মাদাগাস্কার। এসব বিষয়ে দেশটির সরকার সব সময়ই নিরপেক্ষতা ও জোটনিরপেক্ষতার কথা বলে এসেছে।



