আন্তর্জাতিক

রাশিয়ার হামলায় ১৩ হাজারের বেশি ইউক্রেনীয় সেনা নিহত

ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধ ১০ মাসে গড়াচ্ছে। এ সময়ের মধ্যে ইউক্রেনের ১৩ হাজারের বেশি সেনা নিহত হয়েছে বলে জানিয়েছেন কিয়েভের এক জ্যেষ্ঠ কর্মকর্তা।

বিবিসির শুক্রবার (২ ডিসেম্বর) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উপদেষ্টা মিখাইলো পোডোলিয়াক এ মন্তব্য করেছেন। যা যুদ্ধে দেশটির সেনা নিহতের প্রসঙ্গে দেওয়া সর্বশেষ তথ্য।

তিনি বলেন, ১০ থেকে ১৩ হাজার ইউক্রেনীয় সেনা নিহত হয়েছে এ যুদ্ধে।

ইউক্রেনের পক্ষে যুদ্ধে হতাহতের তথ্য প্রকাশ করা বিরল একটি ঘটনা। তাছাড়া মিখাইলোর দেওয়া এ তথ্য দেশটির সামরিক বাহিনী এখনো নিশ্চিত করেনি।

এর আগে জুনে তিনি বলেছিলেন যুদ্ধে প্রতিদিন প্রায় ১০০ থেকে ২০০ সেনা মারা যাচ্ছেন।

গত মাসে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ জ্যেষ্ঠ জেনারেল মার্ক মিলি বলেন, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে প্রায় ১ লাখ রুশ সেনা এবং ১ লাখ ইউক্রেনীয় সেনা হতাহত হয়েছেন।

এদিকে বুধবার এক ভিডিও বার্তায় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) কমিশনের প্রধান উরসুলা ভন ডার লায়েন জানান, যুদ্ধে ১ লাখ ইউক্রেনীয় সেনা নিহত হয়েছেন।

মিখাইলো বলেন, ‘আমাদের জেনারেল স্টাফদের কাছে দাপ্তরিক হিসেব আছে, কমান্ডার-ইন-চীফের কাছেও (জেলেনস্কি) দাপ্তরিক হিসেব আছে এবং সে হিসেব অনুযায়ী, ১০ থেকে সাড়ে ১২ বা ১৩ হাজার সেনা নিহত হয়েছেন।’

তিনি আরও বলেন, যুদ্ধে ‘উল্লেখযোগ্য’ হারে বেসামরিক মানুষও নিহত হয়েছেন।

বিবিসি নিউজ জুনের মাঝামাঝি প্রায় ৩ হাজার ৬০০ বেসামরিক মানুষের নিহতের খবর জানিয়েছিল। তবে প্রকৃত সংখ্যা এর থেকে অনেক বেশি হতে পারে।

পোডোলিয়াক আরও বলেন, ২ ফেব্রুয়ারি আক্রমণ শুরু হওয়ার পর থেকে রাশিয়ার ১ লাখ সেনা নিহত হয়েছেন। এ ছাড়া আরও ১ থেকে দেড় লাখ সেনা আহত হয়েছে, বা নিখোঁজ হয়ে থাকতে পারে।

বিবিসির রাশিয়ার সার্ভিস জানিয়েছে, এ যুদ্ধে মস্কোর কমপক্ষে ৯ হাজার ৩১১ সেনা নিহত হয়েছেন। তবে প্রকৃত মৃত্যুর সংখ্যা ১৮ হাজার ৬০০-এর বেশি হতে পারে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension