
রাস্তা বন্ধ করে দিল ট্রাম্পের নিরাপত্তা, হাঁটতে বাধ্য হলেন ফরাসি প্রেসিডেন্ট

শাহ্ জে. চৌধুরী
নিউইয়র্ক, সেপ্টেম্বর ২৩. ২০২৫— এক বিরল ও অপ্রত্যাশিত দৃশ্যের সাক্ষী হলো নিউইয়র্কবাসী। জাতিসংঘের সাধারণ অধিবেশন শেষে ফেরার পথে ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ আটকা পড়লেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মটরকেডে। নিরাপত্তাজনিত কারণে রাস্তা পুরোপুরি বন্ধ করে দেওয়ায় গাড়িতে করে আর এগোনো সম্ভব হয়নি তার।
পুলিশ কর্মকর্তারা ম্যাক্রোঁকে জানান, “স্যার, সবকিছু ফ্রোজেন হয়ে গেছে। প্রেসিডেন্ট ট্রাম্পের মটরকেড আসছে।” তখন রসিকতার সুরে ফরাসি প্রেসিডেন্ট বলেন, “যদি যেতে না দেন, তবে হাঁটতে হবে আমাকে।”
শেষ পর্যন্ত তাই ঘটল। ম্যাক্রোঁ নিজের সিকিউরিটি টিম নিয়ে প্রায় ৩০ মিনিট নিউইয়র্কের ব্যস্ত রাস্তায় হেঁটে যান। এই সময় সাধারণ মানুষ তাকে ঘিরে ধরে ছবি তোলে, শুভেচ্ছা জানায়, এমনকি কেউ কেউ কপালে চুম্বনও করেন। সৌজন্যপূর্ণ হাসি দিয়ে তিনি প্রত্যেকের সাড়া দেন।
মজার ঘটনা হলো, রাস্তায় আটকা অবস্থায় ম্যাক্রোঁ সরাসরি ফোন করেন ট্রাম্পকে এবং বলেন:
“Guess what? আমি এখনো রাস্তায় দাঁড়িয়ে আছি কারণ আপনার জন্য সবকিছু বন্ধ হয়ে গেছে।”
এর আগে জাতিসংঘে দেওয়া ভাষণে ম্যাক্রোঁ মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত নিয়ে দৃঢ় অবস্থান নেন। তিনি বলেন, “এখনই সময় ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার — যার মধ্যে থাকবে গাজা, পশ্চিম তীর ও জেরুজালেম।” তিনি জোর দিয়ে যোগ করেন, “গাজায় যুদ্ধ, হত্যাকাণ্ড ও মৃত্যুর অবসান ঘটাতেই হবে।”
ঘটনাটি আন্তর্জাতিক অঙ্গনে কৌতূহল ও আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই বলছেন, প্রটোকল ভেঙে সাধারণ পথচারীদের মতো হাঁটার ঘটনাটি ফরাসি প্রেসিডেন্টকে আরও মানবিক করে তুলেছে।



