
রায়কে ঘিরে বিএনপি অফিসের সামনে কঠোর নিরাপত্তা
রূপসী বাংলা ঢাকা ডেস্কঃ ২১ আগষ্ট গ্রেনেড হামলা মামলার রায় ঘিরে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কঠোর নিরাপত্তার বলয় গড়ে তুলেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
বুধবার সকাল ৯ টা থেকে রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ও এর আশেপাশে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়।
সরেজমিনে দেখা গেছে, বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশ, ডিবি পুলিশসহ সাদা পোশাকের বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে।
এছাড়া এপিসি, জলকামান ও প্রিজনভ্যানও রাখা হয়েছে বিএনপির অফিসের পাশে।
২০০৪ সালের ২১ আগস্ট ভয়াবহ গ্রেনেড হামলার ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনে দায়ের করা দুই মামলার রায় ঘোষণা করা হবে আজ। দীর্ঘ বিচারিক কাজ শেষ করে ১৪ বছর পর এ রায় দেয়া হচ্ছে। ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শাহেদ নূর উদ্দিন এ মামলার রায় ঘোষণা করবেন।
বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সন্ত্রাসবিরোধী শোভাযাত্রায় ২১ আগস্ট ভয়াবহ গ্রেনেড হামলায় আইভি রহমানসহ ২৪ জন নিহত হন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান, বিএনপি-জামায়াত জোট সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক উপমন্ত্রী আবদুস সালাম পিন্টুসহ মোট ৪৯ জন এ মামলার আসামি। মামলার আসামি তারেক রহমানসহ পলাতক আছেন ১৮ জন।



