
রূপপুর বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় পারমাণবিক চুল্লির কাজ উদ্বোধন
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের পারমাণবিক চুল্লি বা নিউক্লিয়ার রিয়্যাক্টর প্রেসার ভেসেল স্থাপন কার্যক্রম উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই কার্যক্রমের উদ্বোধন করেন।
সকাল ১০টায় শুরু হওয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমান। অতিথি হিসেবে রয়েছেন রুশ রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি করপোরেশন রোসাটমের মহাপরিচালক আলেক্সি লিখাচেভ।
এছাড়া বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের কর্মকর্তা, পরমাণু শক্তি কমিশনের কর্মকর্তা সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, রুশ কোম্পানি রোসাটম ও এটমস্ট্রয় এক্সপোর্টের কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত রয়েছেন।
প্রসঙ্গত, রূপপুরে এক হাজার ২০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতার ভিভিআর-প্রযুক্তির রিয়্যাক্টরের দুটি ইউনিট তৈরি হবে। ২০২৩ সালে কেন্দ্রটির প্রথম ইউনিট এবং ২০২৪ সালে দ্বিতীয় ইউনিট চালু হওয়ার কথা রয়েছে।
এর আগে গত বছরের ১০ অক্টোবর এই কেন্দ্রের প্রথম ইউনিটের পারমাণবিক চুল্লি স্থাপন কাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। রাশিয়ার ভোলগোদোনস্কের অটোম্যাসের কারখানায় এটি প্রস্তুত করা হয়েছে।



