খেলা

মেইয়াপ্পনের হ্যাটট্রিকের পরও জিতল শ্রীলংকা

আইসিসি টি২০ বিশ্বকাপের প্রথম রাউন্ডের ম্যাচে শ্রীলংকার বিপক্ষে হ্যাটট্রিক করেছেন সংযুক্ত আরব আমিরাতের স্পিনার কার্তিক মেইয়াপ্পন। গতকাল ভিক্টোরিয়ার জিলংয়ে তার হ্যাটট্রিকে লংকানদের রান তোলার গতি কমে গেলেও শেষ পর্যন্ত ৮ উইকেটে ১৫২ রানের সংগ্রহ পায় দাসুন শানাকার দল। অবশ্য আমিরাতের বড় হারে বিফলেই যায় মেইয়াপ্পনের হ্যাটট্রিকের কীর্তি। মধ্যপ্রাচ্যের দলটি হেরেছে ৭৯ রানের বড় ব্যবধানে। কাল আরেক ম্যাচে নামিবিয়াকে ৫ উইকেটে হারিয়ে সুপার টুয়েলভে খেলার সম্ভাবনা উজ্জ্বল করেছে নেদারল্যান্ডস।

এটা আন্তর্জাতিক টি২০-তে ৩৯তম এবং টি২০ বিশ্বকাপে পঞ্চম হ্যাটট্রিক। এর আগে অস্ট্রেলিয়ার ব্রেট লি (২০০৭), আয়ারল্যান্ডের কার্টিস ক্যাম্ফার (২০২১), শ্রীলংকার ওয়ানিন্দু হাসারাঙ্গা (২০২১) ও দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদা (২০২১) ছেলেদের টি২০ বিশ্বকাপে হ্যাটট্রিকের গৌরব অর্জন করেন।

আগে ব্যাটিংয়ে নেমে ভালোই এগোচ্ছিল শ্রীলংকা, তারা ২ উইকেটে ১১৭ রান তুলে বড় স্কোরের দিকে হাঁটছিল। তখনই মেইয়াপ্পনের আঘাত। ১৫তম ওভারের চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ বলে তিনি টানা আউট করেন ভানুকা রাজাপাকসে, চারিথ আসালঙ্কা ও শানাকাকে।

পরের ওভারে ওয়ানিন্দু হাসারাঙ্গা ডি সিলভাও সাজঘরের পথ ধরলে গভীর সংকটে পড়ে শ্রীলংকা (১২০/৫)। তখন চামিকা করুণারত্নেকে নিয়ে ২৩ বলে ৩০ রান করে দলের সংগ্রহ ১৫০ পার করান পাথুম নিশাঙ্কা। ৬০ বলে ৭৪ রান করেন নিশাঙ্কা, আর ধনঞ্জয়া ডি সিলভা করেন ২১ বলে ৩৩ রান।

এরপর ব্যাটিংয়ে নেমে ১৭.১ ওভারে ৭৩ রানে অলআউট হয়ে যায় সিপি রিজওয়ানের দল। লেগস্পিনার হাসারাঙ্গা ডি সিলভা ৮ রানে তিনটি, ডানহাতি পেসার দুশমন্ত চামিরা ১৫ রানে তিনটি ও অফস্পিনার মহিশ থিকসানা ১৫ রানে দুটি উইকেট নেন। পেসার প্রমোদ মদুশান ও দাসুন শানাকা একটি করে উইকেট নেন।

এ জয়ে সুপার টুয়েলভের আশা বাঁচিয়ে রাখল শ্রীলংকা। প্রথম ম্যাচে নামিবিয়ার কাছে হেরে গেলেও এখন সুযোগ বেঁচে থাকল। আগামীকাল টেবিলের শীর্ষ দল নেদারল্যান্ডসের বিপক্ষে খেলবে শ্রীলংকা, ওইদিন নামিবিয়া খেলবে আরব আমিরাতের বিপক্ষে। শ্রীলংকাকে নিজেদের ম্যাচে জয়ের পর তাকিয়ে থাকতে হবে অন্য ম্যাচের ফলের দিকে। কেননা নামিবিয়াও জিতে গেলে তাদের হবে ৪ পয়েন্ট, শ্রীলংকারও হবে ৪ পয়েন্ট। আগেই ৪ পয়েন্ট হয়ে গিয়েছে ডাচদের। তখন নেট রানরেটে শীর্ষ দুই দল উঠবে সুপার টুয়েলভ রাউন্ডে। আবার নামিবিয়া ও শ্রীলংকা উভয় দলই হারলে তখন আসবে নেট রানরেটের হিসাব। নেট রানরেটে এখন শ্রীলংকার (০.৬০০) চেয়ে এগিয়ে নামিবিয়া (১.২৭৭)।

এদিকে, টি২০ বিশ্বকাপে প্রথম রাউন্ডের প্রথম ম্যাচেই শ্রীলংকাকে হারিয়ে হইচই ফেলা দেয়া নামিবিয়াকে এবার মাটিতে নামাল নেদারল্যান্ডস। জিলংয়ে কাল আগে ব্যাটিং করে ৬ উইকেটে ১২১ রান তোলে আফ্রিকার দলটি। জবাবে তিন বল বাকি থাকতে ৫ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় ডাচরা।

শ্রীলংকার বিপক্ষে আগে ব্যাটিং করে ৭ উইকেটে ১৬৩ রান তোলে নামিবিয়া। তবে কাল ব্যাটিংটা ভালো হয়নি গেরহার্ড এরাসমাসের দলের। চার রানের মাথায় ওপেনার ডিভানা লা কককে হারানো ধাক্কা আর সামলে উঠতে পারেনি তারা। পরে নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকলে তার প্রভাব পড়ে স্কোরবোর্ডে। ২০ ওভার শেষে ১২১ রানের সাদামাটা সংগ্রহ জড়ো করতে সমর্থ হয় তারা। ইয়ান ফ্রাইলিংক ৪৮ বলে সর্বোচ্চ ৪৩ রান করেন। আর ওপেনার মাইকেল ফন লিনগেন করেন ২০ রান। ডাচদের পক্ষে বাস ডি লিডি ১৮ রানে দুটি উইকেট নেন। একটি করে উইকেট নেন টিম প্রিঙ্গল, কলিন অ্যাকারম্যান, পল ফন মিকিরেন ও রোয়েলফ ফন ডার মারউই।

রান তাড়া করতে নেমে ওপেনিং জুটিতে ম্যাক্স ও’ডাউড আর বিক্রমজিত সিং ৫৯ রান তুলে দিলে কাজটা সহজ হয়ে পড়ে ডাচদের। ম্যাক্স ৩৫ বলে ৩৫ ও সিং ৩১ বলে ৩৯ রান করেন। এরপর ৩০ বলে ৩০ রান করে নেদারল্যান্ডসের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন ডি লিডি।

বাস ডি লিডি দুই উইকেট শিকারের পাশাপাশি ব্যাট হাতে ৩০ রান করেন, একটি ক্যাচও নিয়েছেন। অলরাউন্ড নৈপুণ্য দেখিয়ে ম্যাচসেরা হন তিনি। প্রথম ম্যাচে আরব আমিরাতের বিপক্ষেও ম্যাচসেরা হন ডি লিডি। তখন ১৮ বলে ১৪ রান করার পর বল হাতে নেন তিন উইকেট।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension