
খেরসন পরিস্থিতি নিয়ে রুশ জেনারেলের বিরল স্বীকারোক্তি
ইউক্রেনের খেরসনে পরিস্থিতি কঠিন হয়ে উঠেছে ও স্থানীয় বাসিন্দাদের শহর ছেড়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন রুশ সেনাবাহিনীর কমান্ডার জেনারেল সের্গেই সুরুভিকিন। খবর বিবিসি।
গতকাল মঙ্গলবার রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ইউক্রেনীয় সেনাদের ছোঁড়া হিমার্স রকেট শহরের অবকাঠামো ও বাড়িঘরে আঘাত করছে।
সুরুভিকিন বলেন, খেরসনের বাসিন্দাদের নিরাপদে শহর ছেড়ে যাওয়ার ব্যাপারে সব রকম সহায়তা করবে রুশ সেনারা।
এই বক্তব্যে ইউক্রেনে রুশ বাহিনীর সংকটে থাকার বিরল এক স্বীকারোক্তি উঠে এসেছে। এর আগে স্থানীয় শীর্ষ কর্মকর্তা কিরিল স্তেরেমোসভ বাসিন্দাদের উদ্দেশ্যে বলেছিলেন, আমার কথা গুরুত্ব দিয়ে শুনুন। আমি পরামর্শ দিচ্ছি, যত তাড়াতাড়ি সম্ভব শহর ছেড়ে চলে যান।
দানিয়েপার নদীর পশ্চিম তীরে যারা রয়েছেন, তারা সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেন বলেও উল্লেখ করেন স্তেরেমোসভ।
গত ফেব্রুয়ারিতে হামলা শুরুর পর ইউক্রেনের একমাত্র আঞ্চলিক রাজধানী খেরসন প্রথমেই দখল করে নেয় রাশিয়া। কিন্তু কয়েক সপ্তাহ ধরে ধীরে ধীরে আশপাশের এলাকা পুনরুদ্ধার করতে শুরু করে ইউক্রেন বাহিনী। তারা এখন দানিয়েপার নদীর দক্ষিণে ৩০ কিলোমিটারের মধ্যে চলে এসেছে।
তবে ক্রেমলিন দাবী করছে, খেরসেন ও ইউক্রেনের অন্য তিনটি এলাকা রাশিয়ার অংশ হয়ে গিয়েছে।
এ দিকে ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন, রাশিয়ার সাম্প্রতিক হামলার পর দেশটির ১১০০ এর বেশি শহর ও গ্রাম বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে।
প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, গত আট দিনে রুশ হামলায় ৩০ শতাংশ বিদ্যুৎকেন্দ্র ধ্বংস হয়ে গিয়েছে।



