খেলা

রেকর্ডের সামনে ওরা চারজন

রূপসী বাংলা ঢাকা স্পোর্টস ডেস্ক: টেস্ট ম্যাচের মাধ্যমে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করেছেন সাকিব আল হাসানরা। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ শুরু হয়েছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। এই টেস্ট সিরিজে একাধিক রেকর্ডের সামনে দাঁড়িয়ে সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তাইজুল ইসলাম ও মুমিনুল হক।

৫৩ টেস্টে ১৯৬ উইকেট নিয়ে সাদা পোশাকে বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারি সাকিব আল হাসান। বাংলাদেশের প্রথম বোলার হিসেবে টেস্টে ২০০ উইকেটের মাইলফলক ছুঁতে আর মাত্র চার উইকেট দরকার সাকিবের। চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টেই কীর্তিটা হয়ে যেতে পারে। চট্টগ্রামে আগের ১৪ টেস্টে সাকিবের উইকেট সংখ্যা ৫০।

বাংলাদেশের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে টেস্টে চার হাজার রানের মাইলফলক ছুঁতে মাত্র ৩১ রান প্রয়োজন মুশফিকুর রহিমের। ৬৪ টেস্টে মুশফিকের রান ৩৯৬৯। এছাড়া চট্টগ্রাম টেস্টে ৮১ রান করতে পারলে সাদা পোশাকে বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক হয়ে যাবেন মুশফিক। ৫৬ টেস্টে ৪০৪৯ রান নিয়ে শীর্ষে থাকা তামিম ইকবাল ইনজুরির দরুন খেলছেন না চট্টগ্রাম টেস্টে।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সাত টেস্টে মুমিনুল হকের রান ৮৬৯। এই মাঠে বাংলাদেশের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে এক হাজার রানের মাইলফলক ছুঁতে ১৩১ রান দরকার তার। কাজটা খুব কঠিন হওয়ার কথা নয়। মুমিনুল তার সাতটি টেস্ট সেঞ্চুরির পাঁচটিই করেছেন চট্টগ্রামে। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টেস্টে সর্বোচ্চ ১০৯২ রান মুশফিকের।

জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ সিরিজে দুই টেস্টে ১৮ উইকেট নিয়েছিলেন তাইজুল ইসলাম। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই টেস্টে ১৩ উইকেট নিতে পারলেই বাংলাদেশের তৃতীয় বোলার হিসেবে টেস্টে ১০০ উইকেটের মাইলফলক স্পর্শ করবেন এই বাঁ-হাতি স্পিনার। ২১ টেস্টে তাইজুলের উইকেট সংখ্যা ৮৭। তার সামনে রয়েছেন শুধু মোহাম্মদ রফিক (১০০) ও সাকিব (১৯৬)।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension