
রোহিঙ্গা সমস্যা সমাধানে জরুরি পদক্ষেপ নিন রাবাব ফাতিমার আহ্বান
জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত রাবাব ফাতিমা বলেছেন, রোহিঙ্গা সমস্যার সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায় ও আঞ্চলিক দেশগুলোকে তাদের প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। তিনি বলেন, মিয়ানমারের রাখাইন প্রদেশে প্রত্যাবর্তনের উপযোগী পরিবেশ সৃষ্টি এবং রোহিঙ্গাদের ওপর সৃষ্ট নৃশংসতম অপরাধের দায়বদ্ধতা নিরূপণ করতে হবে। মঙ্গলবার জাতিসংঘ সদর দপ্তরে সাধারণ পরিষদের তৃতীয় কমিটির সাধারণ বিতর্কে বক্তব্য প্রদানকালে এ কথা বলেন তিনি।
রাবাব ফাতিমা বলেন, প্রত্যাবাসন বিলম্বিত হওয়ার কারণে বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে হতাশার সৃষ্টি হচ্ছে। তিনি বলেন, রোহিঙ্গাদের মানবিক সহায়তা প্রদানের ক্ষেত্রে বাংলাদেশ সর্বোচ্চ চেষ্টা করছে। টিকার উপযোগী সব রোহিঙ্গাকে কোভিড-১৯ টিকা দিচ্ছে। কিন্তু দীর্ঘমেয়াদি এ সমস্যার সমাধান নিহিত রয়েছে মিয়ানমারে তাদের নিরাপদ, টেকসই ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের ওপর। এ ক্ষেত্রে আন্তর্জাতিক সম্প্রদায় ও আঞ্চলিক দেশগুলোকে মিয়ানমার সংকটের সমাধানে সর্বোচ্চ প্রচেষ্টা নিয়ে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি বলেন, মিয়ানমারের রোহিঙ্গা মুসলমান ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের মানবাধিকার পরিস্থিতি শীর্ষক বার্ষিক রেজুলেশন নিয়ে এই কমিটিতে ওআইসি ও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে কাজ করে যাবে বাংলাদেশ।
সাধারণ পরিষদের তৃতীয় কমিটিতে বাংলাদেশের অগ্রাধিকার বিষয়গুলো তুলে ধরেন রাষ্ট্রদূত ফাতিমা। রোহিঙ্গা সংকট ছাড়াও তৃতীয় কমিটিতে বাংলাদেশ যে সব বিষয়কে বিশেষ গুরুত্ব দিচ্ছে তার মধ্যে রয়েছে-টিকার সমতা নিশ্চিতকরণ, নারীর ক্ষমতায়ন এবং নারীর বিরুদ্ধে সহিংসতা রোধ, শিক্ষাসহ শিশুদের সব অধিকারের সুরক্ষা, অভিবাসী কর্মীদের কল্যাণ, অধিকারের সুরক্ষা, জাতীয় ও বৈশ্বিক পর্যায়ে মানবাধিকার সমুন্নত এবং সুরক্ষিত রাখা।



