আন্তর্জাতিকপ্রধান খবর

রয়টার্সের প্রতিবেদন: ট্রাম্পের হুমকি সত্ত্বেও রাশিয়া থেকে তেল কিনবে ভারত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক ও জরিমানার হুমকি সত্ত্বেও রাশিয়া থেকে জ্বালানি তেল আমদানি অব্যাহত রাখবে ভারত। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স শনিবার (২ আগস্ট) এক প্রতিবেদনে নাম প্রকাশে অনিচ্ছুক দুই ভারতীয় কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি ট্রাম্প ভারতের বিরুদ্ধে ‘অন্যায্য বাণিজ্য অনুশীলন’ এবং রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠ জ্বালানি ও অস্ত্র চুক্তির অভিযোগ তোলেন। গত বুধবার তিনি তার সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ লেখেন, ‘ভারত ২৫ শতাংশ শুল্ক দেবে এবং উপরোক্ত আচরণের জন্য জরিমানাও দেবে, যা আগস্টের শুরু থেকেই কার্যকর হবে।’

এর একদিন পর শুক্রবার ট্রাম্প দাবি করেন, তিনি শুনেছেন ভারত আর রাশিয়া থেকে তেল কিনবে না। যদিও তিনি সে সময় ওই দাবির কোনো প্রমাণ হাজির করতে পারেননি।

তবে ট্রাম্পের দাবিকে অস্বীকার করে ভারত সরকারের দুই কর্মকর্তা রয়টার্সকে জানান, রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করার কোনো পরিকল্পনা নেই। তাদের একজন বলেন, ‘মস্কোর সঙ্গে আমাদের দীর্ঘমেয়াদি জ্বালানি চুক্তি রয়েছে। রাতারাতি তা বন্ধ সম্ভব নয়। বর্তমানে রাশিয়া ভারতের সবচেয়ে বড় তেল সরবরাহকারী, যা মোট আমদানির প্রায় ৩৫ শতাংশ।’

ভারত সরকার জানিয়েছে, এই আমদানি বৈশ্বিক নিয়ম মেনেই হচ্ছে, কারণ রাশিয়ার তেলের ওপর সরাসরি কোনো মার্কিন বা ইউরোপীয় নিষেধাজ্ঞা নেই। রয়েছে কেবল জি-সেভেন এবং ইউরোপীয় ইউনিয়নের নির্ধারিত মূল্যসীমা কাঠামো।

তেল ক্রয়ের বিষয়ে রয়টার্সের মন্তব্য অনুরোধে তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি ভারত সরকার বা হোয়াইট হাউস কেউই।

এর আগে শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক সংবাদ ব্রিফিংয়ে বলেন, ‘জ্বালানির উৎস বাছাই করতে গিয়ে আমরা বৈশ্বিক বাজার পরিস্থিতির দিকেই নজর দেই।’ তিনি আরও বলেন, ‘ভারতের সঙ্গে অন্য দেশের সম্পর্ক তাদের নিজস্ব ভিত্তিতে দাঁড়িয়ে আছে, তৃতীয় কোনো দেশের দৃষ্টিকোণ থেকে নয়।’

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension