
লকডাউনে বাড়িতে ক্যাসিনো বসিয়ে গ্রেফতার জনপ্রিয় তামিল নায়ক
ভারতে লকডাউনের মধ্যেই নিজ ফ্ল্যাটে জুয়ার আসর (ক্যাসিনো) বসানোর অভিযোগ উঠেছে জনপ্রিয় তামিল নায়ক তামিল নায়ক শামের বিরুদ্ধে। এ ঘটনায় গ্রেফতার হয়েছেন শামকে।
গোপন সূত্রে খবর পেয়ে তার বাড়িতে তল্লাশি চালিয়ে জুয়ার আসর থেকে হাতেনাতে এই জনপ্রিয় অভিনয় শিল্পীকে গ্রেফতার করে চেন্নাই পুলিশ।
আসর থেকে শাম ছাড়াও আরও ১১ জনকে গ্রেফতার করা হয়েছে, যাদের মধ্যে বেশ কয়েকজন পরিচালক, হোটেল মালিক, ব্যবসায়ী এমনকি আইনজীবীরাও রয়েছেন।
মঙ্গলবার চেন্নাই পুলিশের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ভারতের গণমাধ্যম এনডিটিভি।
এনডিটি আরও জানায়, লকডাউন চলাকালীন নাঙ্গামবক্কম নামক এলাকায় অবস্থিত নিজ বাড়িতে তামিল এই অভিনয় শিল্পী রমরমা জুয়ার ব্যবসা করছিলেন। ফ্ল্যাটে নিয়মিত জুয়ার আসর বসাতেন শাম। সেখানে দক্ষিণী চলচ্চিত্র জগতের অনেক অভিনেতা-পরিচালকও যোগ দিতেন।
চেন্নাই পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি শামের বাড়িতে জুয়া খেলে মোটা অঙ্কের অর্থ হারিয়েছিলেন তামিল চলচ্চিত্রের এক জনপ্রিয় চিত্রতারকা। এরপরই বিষয়টি পুলিশের নজরে আসে। বেশ কয়েকদিন ধরে শামের ওপর নজরদারি চালানোর পর তথ্য-উপাত্তের সত্যতা মিললে তার বাড়িতে গিয়ে হানা দেয় পুলিশ। ❑



