
লন্ডনে মুসলিমদের ওপর গাড়ি হামলায় আহত ৩
রূপসী বাংলা আন্তর্জাতিক ডেস্ক: লন্ডনের উত্তর পূর্বাঞ্চলের এক মুসলিম কম্যুনিটি সেন্টারে গাড়ি হামলার ঘটনায় কমপক্ষে তিনজন আহত হয়েছেন। তাদের মধ্যে দুইজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় জানা যায়নি।
তবে পুলিশ বলছে, এটি কোনো সন্ত্রাসী হামলা নয়।
মঙ্গলবার গভীর রাতে মুসলিম কম্যুনিটি সেন্টারের সামনে থাকা লোকজনের ওপর গাড়ি তুলে দেয়া হয়। হামলার পরপরই গাড়িটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে বলে রয়টার্স জানায়। গাড়িতে থাকা লোকজন ইসলাম বিরোধী মন্তব্য করছিলেন।
এ সম্পর্কে বুধবার সকালে বিবৃতি দিয়েছে লন্ডনের মেট্রোপলিটন পুলিশ। তারা বলছে, এই ঘটনার সঙ্গে সন্ত্রাসবাদের কোনো যোগাযোগ নেই। তবে এটিকে একটি ঘৃণা জনিত অপরাধ (হেইট ক্রাইম) হিসেবে গণ্য করেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
মঙ্গলবার রাতে হামলার পরপরই ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। এসময় হামলায় আহত দুইজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাদের আঘাত তেমন গুরুতর নয় বলে জানিয়েছে লন্ডন পুলিশ।
সূত্র: রয়টার্স



