বাংলাদেশ

লালদীঘি মাঠে শোডাউন করতে চায় বিএনপি

রূপসী বাংলা ডেস্ক: বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লালদীঘি মাঠে জনসভার মাধ্যমে নিজেদের শক্তি দেখাতে চায় চট্টগ্রাম মহানগর বিএনপি। আগামী ১ সেপ্টেম্বর সমাবেশকে সামনে রেখে প্রস্তুতির অংশ হিসেবে ইতোমধ্যে প্রশাসনের কাছে সমাবেশের জন্য আবেদনও করে রেখেছেন দলটির নেতারা।

চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন বর্তমানে ভারতে রয়েছেন। ১ সেপ্টেম্বরের আগেই তিনি দেশে ফিরবেন বলে দলীয় সূত্র জানিয়েছে। নগর বিএনপির সিনিয়র সহসভাপতি আবু সুফিয়ান আমাদের সময়কে বলেন, আমরা পুলিশ প্রশাসনের কাছে আবেদন করে রেখেছি। আশা করি এবার লালদীঘি মাঠে সমাবেশ করার অনুমতি পাব।

অতীতেও লালদীঘি মাঠে একাধিকবার সমাবেশ করতে চেয়েছিল বিএনপি। কিন্তু কোনোবারই পুলিশ অনুমতি দেয়নি। এবার কেন মনে করছেন পুলিশ অনুমতি দেবে? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, চলতি বছর নির্বাচনী বছর। আর কয়েকমাস পরই নির্বাচন। এ জন্য আমরা আশা করছি প্রশাসন বিষয়টি অনুধাবন করে আমাদের অনুমতি দেবে। আর যদি না দেয়, তবে সুষ্ঠু ও অবাধ নির্বাচন নিয়ে জনমনে যে শঙ্কা রয়েছে, সেটিই সত্য বলে পরিণত হবে। লালদীঘি মাঠে সমাবেশের অনুমতি না পেলে কোথায় করবেন জানতে চাইলে তিনি বলেন, আমরা বিকল্প কিছু ভাবছি না।

বিএনপির ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে সমাবেশ ও অন্যান্য কর্মসূচি নিয়ে গতকাল সোমবার বিকালে নাসিমন ভবনের

কার্যালয়ে প্রস্তুতিমূলক সভা হয়। ওই সভাতেও নেতারা সর্বসম্মতভাবে লালদীঘি মাঠেই প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশের পক্ষে মত দেন। নেতারা বলেন, লালদীঘি মাঠের সমাবেশ করেই সরকার ও জনগণকে বার্তা দিতে হবে।

এর আগে গত ১৫ মার্চ দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে লালদীঘি মাঠে সমাবেশের ঘোষণা দিয়েছিল নগর বিএনপি। কিন্তু শেষ পর্যন্ত প্রশাসনের কাছ থেকে অনুমতি পাওয়া যায়নি। তখন নুর আহমদ সড়কের নাসিমন ভবনের নগর বিএনপি কার্যালয় চত্বরে সমাবেশ করে বিএনপি। ব্যাপক পুলিশ প্রহরায় অনুষ্ঠিত সেই সমাবেশে নেতাকর্মীদের উপস্থিতিও ছিল তুলনামূলকভাবে কম। সর্বশেষ গত ১৯ আগস্ট লালদীঘি মাঠ থেকে শোভাযাত্রার অনুমতি চেয়ে আবেদন করেও পায়নি বিএনপি। গত পাঁচ বছরে মূলত নগর বিএনপি কোনো সমাবেশই লালদীঘি মাঠে করতে পারেনি প্রশাসনের অনুমতির অভাবে। তাই কেন্দ্রীয় নেতারাও বিভিন্ন সময় বাধ্য হয়ে নুর আহমদ সড়কের ফুটপাতে সমাবেশ শেষ করে ঢাকায় ফিরেছেন।

রাজনীতিবিদদের সঙ্গে কথা বলে জানা যায়, লালদীঘি মাঠে সমাবেশ করা এবং তা সফল করার মাধ্যমে যে কোনো রাজনৈতিক দল বাড়তি সুবিধা পায়। এখানকার কর্মসূচি প্রচারও হয় বেশি। পুলিশি নিয়ন্ত্রণ থাকে কম। বিএনপি নেতাদের মতে, লালদীঘি মাঠে বিএনপি সমাবেশ করলে এক লাখের বেশি মানুষ হবে। আওয়ামী লীগের এটাই ভয়। সেই ভয় থেকেই তারা সবসময় প্রশাসনকে চাপে রাখে যাতে বিএনপিকে সমাবেশের অনুমতি না দেওয়া হয়।

তবে বিএনপির আবেদন নিয়ে স্পষ্টত কিছু বলতে চাননি নগর পুলিশের শীর্ষ কর্মকর্তারা। এক কর্মকর্তা বলেন, অনুমতি দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়নি। তিনি বলেন, এ ধরনের অনুমতির ক্ষেত্রে পুলিশ আইনশৃঙ্খলা পরিস্থিতিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেবে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension