
গণফোরাম-যুক্তফ্রন্ট আজ নতুন কী খবর দেবে
রূপসী বাংলা ডেস্ক: জাতীয় ঐক্য প্রক্রিয়া বাস্তবে রূপ দিতে সংশ্লিষ্ট নেতারা দফায়-দফায় বৈঠক করছেন। বিভিন্ন দল ও জোটের প্রস্তাবনা নিয়ে চলছে কাটাছেঁড়া। বিএনপি ইতোমধ্যে ১০টি প্রস্তাব দিয়েছে। প্রস্তাবগুলো নিয়ে আলোচনাও হয়েছে। মূলত একাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, সবার অংশগ্রহণ নিশ্চিত ও সরকারবিরোধী আন্দোলন সামনে রেখেই এ জাতীয় ঐক্য। সংশ্লিষ্ট নেতারা বলছেন, ঐক্য প্রক্রিয়া অনেকটা এগিয়ে গেছে। আজ মঙ্গলবার সংবিধানপ্রণেতা ড. কামাল হোসেনের বাসায় গণফোরাম ও সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বে যুক্তফ্রন্টের বৈঠকের পর ঐক্যের নতুন খবরের ব্যাপারে তারা আশাবাদী।
বিএনপির সূত্রে জানা যায়, ১০ প্রস্তাবের ভিত্তিতেই বৃহত্তর রাজনৈতিক ঐক্য করতে চায় বিএনপি। ঈদুল আজহার আগে ১১ আগস্ট ও ১৩ আগস্ট দুই দিনের জরুরি বৈঠকের পর এই ১০ দফা চূড়ান্ত করে দলটির সর্বোচ্চ নীতির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটি। এরপর এই প্রস্তাবের কপি ড. কামাল হোসেনের কাছে পৌঁছানো হয়। পরে ঐক্যে আগ্রহী বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বাধীন যুক্তফ্রন্টের শরিক বিকল্পধারা, নাগরিক ঐক্য, জেএসডির কয়েকজন নেতাকেও এই প্রস্তাব দেওয়া হয়। তবে বিএনপির নেতারা বলেছেন, আলোচনাসাপেক্ষে এই ১০ প্রস্তাবের আকার আরও বাড়তে বা কমতেও পারে। উল্লিখিত ১০ প্রস্তাবকে বৃহত্তর রাজনৈতিক ঐক্যের প্রাথমিক পর্যায় বলে মনে করছে বিএনপি। দলটির নেতারা ঐক্যের বিষয়ে আশাবাদী হয়ে বলছেন, যেসব বিষয় তারা তালিকাভুক্ত করেছেন, ঐক্যে আগ্রহী দলগুলোর চিন্তা-ভাবনারও কাছাকাছি।



