
লালমনিরহাটে ৩ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস
লালমনিরহাটে প্রায় তিন কোটি টাকার মাদক দ্রব্য ধ্বংস করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (২৩ জানুয়ারি) বেলা ১১টার দিকে লালমনিরহাট-১৫ ব্যাটালিয়ন সদরের প্রশিক্ষণ মাঠে এসব মাদক ধ্বংস করা হয়।
এ সময় রংপুর রিজিয়নের ডেপুটি রিজিয়ন কমান্ডার কর্নেল জাকারিয়া হোসেন এবং বিশেষ অতিথি হিসেবে লালমনিরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক তৌহিদুর রহমান উপস্থিত ছিলেন।
বিজিবি-১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এসএম তৌহিদুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, লালমনিরহাট বিজিবি-১৫ ব্যাটালিয়ন লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলার সীমান্ত থেকে ২০২০ সালের ১ ডিসেম্বর থেকে ২০২১ সালের ৩০ নভেম্বর পর্যন্ত মালিকবিহীন জব্দ মাদকদ্রব্য বেলা ১১টার দিকে ব্যাটালিয়ন সদরের প্রশিক্ষণ মাঠে স্বাস্থ্যবিধি অনুসরণ করে সামাজিক দূরত্ব বজায় রেখে সীমিত পরিসরে ধ্বংস করা হয়।
ধ্বংস করার মাদকদ্রব্যসমূহের তালিকায় ২০১ বোতল মদ, দাম তিন লাখ এক হাজার ৫০০ টাকা। ৮২৬ কেজি ৪৫২ গ্রাম গাঁজা, দাম ৯৮ লাখ ৯২ হাজার ৫৮২ টাকা। ৩৪ হাজার ১১১ বোতল ফেন্সিডিল এবং তরল দুই কেজি ৪০০ গ্রাম, দাম ৮৬ লাখ ৬৫ হাজার ২০০ টাকা। ছয় হাজার ১৭৬ বোতল ইস্কাপ সিরাপ, দাম ২৪ লাখ ৭০ হাজার ৪০০টাকা। ২০ হাজার ৪৫৫ পিস ইয়াবা, দাম ৬১ লাখ ৩৬ হাজার ৫০০। ২৬০ পিস আয়রন ট্যাবলেট, দাম এক হাজার ৩০০ টাকা। ৪৯৪ প্যাকেট খৈনি, দাম মূল্য চার হাজার ৯৪০টাকা। মোট দুই কোটি ৭৪ লাখ ৭২ হাজার ৪২২ টাকার মাদক দ্রব্য ধ্বংস করা হয়।



