বিনোদন

শাহরুখের চেয়ে বড় তারকা ছিলাম : জনি লিভার

শাহরুখের চেয়ে অনেক বেশি জনপ্রিয় ছিলেন একসময়। ছিলেন বড় তারকা। শাহরুখ তখন আসন্ন তারকা। সম্প্রতি শাহরুখ খান প্রসঙ্গে কথা বলতে গিয়ে এমনটাই বললেন বলিউডের বর্ষীয়ান কৌতুকাভিনেতা জনি লিভার।

একটি সাম্প্রতিক সাক্ষাৎকারে অতীতের অনেক না-জানা গল্প জানালেন এই অভিনেতা। জানালেন শাহরুখের সঙ্গে নিজের কাজের অভিজ্ঞতা। জনি লিভার জানান, শাহরুখ খান তখনো তারকা হয়ে উঠতে পারেননি, যখন তাকে আব্বাস মস্তানের ‘বাজিগর’ সিনেমায় সুযোগ দেওয়া হয়েছিল। তিনি তখন শাহরুখের চেয়ে অনেক বেশি জনপ্রিয় ছিলেন।

বাজিগরের অভিজ্ঞতার কথা স্মরণ করে জনি বলেন, ‘আমরা ১৯৯১ সালে বাজিগরে একসঙ্গে কাজ শুরু করি। তত দিনে শাহরুখ ‘রাজু বান গ্যায়া জেন্টলম্যান’ এবং আরো কয়েকটি সিনেমায় কাজ করেছিলেন। কিন্তু আমি তাঁর চেয়ে বেশি বিখ্যাত ছিলাম। লোকজন আমাকে চিনত। আমি তখন একজন তারকা ছিলাম, শাহরুখ আসন্ন তারকা ছিলেন। তবে আমাদের বোঝাপড়া ছিল দারুণ।’

প্রবীণ অভিনেতা সেই দিনগুলোর কথা স্মরণ করে বলেন, ‘শাহরুখ অ্যাকশন সিকোয়েন্স এবং নাচের দৃশ্যে ভালো ছিলেন না। তবে তিনি কঠোর পরিশ্রম করে নিজেকে তৈরি করেছেন। আমি তার মতো এত পরিশ্রমী কাউকে দেখিনি।’

শাহরুখ খানকে রহস্যময় ব্যক্তিত্ব উল্লেখ করে জনি বলেন, ‘পুরুষরা তাকে ঈর্ষান্বিত করত, কারণ তাদের সঙ্গীরা শাহরুখের প্রেমে পড়েছিল। কিন্তু শাহরুখ, তিনি তাঁর কাজের প্রতি পুরোপুরি মনোনিবেশ করেছিলেন।’

তবে যেমনটা জনি লিভার শাহরুখকে পছন্দ করেন, তেমনি শাহরুখের কাছেও জনি লিভার একজন চমৎকার মানুষ। একসময় শাহরুখ খান জনি লিভার প্রসঙ্গে বলেছিলেন, জনি লিভার তাঁর চোখে দেখা শ্রেষ্ঠ মানুষ এবং অভিনেতা। এমনকি গৌরীর চেয়েও তিনি শাহরুখকে ভালো বোঝেন।

নব্বইয়ের দশক থেকে একসঙ্গে বহু কাজ করেছেন শাহরুখ খান ও জনি লিভার। শাহরুখের ক্যারিয়ারসেরা বহু সিনেমার অংশ ছিলেন জনি লিভার। ‘বাজিগর’, ‘কয়লা’, ‘করণ অর্জুন’, ‘বাদশা’, ‘কুছ কুছ হোতা হ্যায়’-এর মতো চলচ্চিত্রে একসঙ্গে দেখা গেছে তাদের। সর্বশেষ রোহিত শেঠির ‘দিলওয়ালে’ সিনেমাতে একসঙ্গে কাজ করেছেন দুজন। বলিউডে দুজনের বন্ধুত্বও দীর্ঘদিনের।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension