প্রধান খবরভারত

শিবসেনার মান ভঞ্জনে বালাসাহেবের মূর্তি গড়বে ফড়নবীশ সরকার

রূপসী বাংলা কলকাতা ডেস্ক: সম্পর্কের তিক্ততা গভীরে৷ ছিঁড়েছে জোটের গাঁটছড়া৷ এদিকে চিরশত্রু কংগ্রেস ও এনসিপি আসন্ন ভোটে জোট গড়ে ফেলেছে মহারাষ্ট্রে৷ অন্যদিকে গো-বলয়েও কাজ করেনি মোদী ম্যাজিক৷ লড়াই যে কঠীন বুঝতে পাচ্ছে গেরুয়া শিবির৷ তাই পুরনো বন্ধুর মান ভঞ্জনে মরিয়া বিজেপি৷ ড্যামেজ কন্ট্রোলে মুম্বইয়ে বালাসাহেব ঠাকরের মূর্তি গড়তে চলেছে দেবেন্দ্র ফড়নবীশ সরকার৷

মঙ্গলবারই শিবসেনা প্রতিষ্ঠাতার মূর্তি গড়ার বিষয় সিদ্ধান্ত হয় মহারাষ্ট্রের বিজেপি-শিবসেনা মন্ত্রিসভায়৷ স্থির করা হয়েছে দাদর-এ বসানো হবে মূর্তি৷ শিবাজী পার্কে মুম্বইয়ের মেয়রের পূর্বতন বাঙলোর কাছে এই মূর্তি বসবে৷ যা গড়তে ইতিমধ্যেই একশ কোটি বরাদ্দ করা হয়েছে৷

মহারাষ্ট্রের শিবসেনা-বিজেপি মন্ত্রিসবার ক্যাবিনেট পর্যায়ের মন্ত্রী সুধীর মুঙ্গাতিওয়ার জানান, বালাসাহেব ঠাকরের গুরুত্ব মহারাষ্ট্রের রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ৷ রাজ্যের যুব সমাজের কাছে আইকন তিনি৷ বালাসাহেবকে সম্মান জানাতে তাঁর মূর্তি গড়া হবে৷ ক্যাবিনেটে বিষয়টি ছাড়পত্র পেয়েছে৷ মারাঠি যুব সম্প্রদায় এতে অনুপ্রাণিত হবে৷

তবে এতেও রক্ষে নেই৷ দাদর-এর যে জায়গায় বালা সাহেবের মূর্তি বসানোর সিদ্ধান্ত হয়েছে তা না-পসন্দ একদল সমাজকর্মী৷ পরিবেশের কথা মাথায় রেথেই তাদের এই বিরোধীতা বলে জানা গিয়েছে৷ কোনও স্থায়ী কাঠামো যাতে নির্মাণ না হয় তার জন্য ইতিমধ্যেই মুম্বই হাইকোর্টের দ্বারস্থ পরিবেশপ্রেমী সন্তোষ দাউন্দকর৷ আন্দোলনকারীদের যুক্তি, শহরের মেয়রের আগের বাঙলোটি গ্রিন জোনের অন্তর্ভূক্ত৷ ফলে সেখানে কোনও রকম নির্মাণ-ইন বেআইনী৷ এছাড়া ক্যাবিনেটের মূর্তি গড়ার সিদ্ধান্ত উপকূলিও আইনেরও পরিপন্থী৷

ভোটের আগে পুরনো শরিকের হাত ধরতেই কী এই মূর্তি গড়ার কৌশল পদ্ম শিবিরের৷ প্রশ্নের উত্তরের রাজ্যের মন্ত্রী ধীর মুঙ্গাতিওয়ার বলেন, ‘বিজেপি শিবসেনা সম্পর্ক সব সময়ই ভালো৷ আগামী ভোটে ফের একবার হাতধরাধরি করে লড়তে দেখা যেতে পারে এই দুই দলকে৷’

আদালতের গণ্ডি পেরিয়ে বালাসাহেবের মূর্তি স্থাপণ সম্ভব কিনা তার উত্তর লুকিয়ে সময়ের গর্ভে৷ তবে ভোটের আগে যে অভিমানী বন্ধুকে কাছে পেতে চাইছেন মোদী-শাহ জুটি তা রাজ্যের মন্ত্রীর কথাতেই স্পষ্ট৷ বন্ধুত্বের ভিত মজবুতে তাদের হাতিয়ার ‘মূর্তি কৌশল’৷ মনে করছে রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ৷ তবে তাতে কী চিঁড়ে ভিজবে? জল্পনা তুঙ্গে আরব সাগরের তিরে৷

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension