বিনোদন

শুটিংয়ে আহত জন আব্রাহাম, ২০ দিন বিশ্রামের পরামর্শ চিকিৎসকের

রূপসী বাংলা বিনোদন ডেস্ক: শুটিং করতে গিয়ে আহত হলেন জন আব্রাহাম। আনিস বাজমির কমেডি ছবি ‘পাগলপান্তি’র শুটিংয়ে একটি অ্যাকশন দৃশ্যে অভিনয় করতে গিয়েই শুক্রবার জখম হন তিনি। প্রায় ২০ দিন শুটিং থেকে বিরতি নিতে তাঁকে পরামর্শ দিয়েছেন চিকিৎসক।

এদিন মুম্বইতে ঘটনাটি ঘটেছে বলে জানা গিয়েছে। মুম্বইয়ের মেহবুব স্টুডিওতে চলছিল ‘পাগলপান্তি’র শুটিং। ছবির সিংহভাগ শুটিং প্রায় শেষ। শেষ অংশের শুটিং চলছিল। ট্রাকে চড়ে মারামারির দৃশ্যে শুটিং করছিলেন জন, হঠাৎই হাতের মাংসপেশিতে চোট পান। হাতের চোট নিয়ে শুটিং করা প্রায় অসম্ভব বলে জানিয়েছেন চিকিৎসক। তাই তাঁকে বিশ্রামের পরামর্শ দেওয়া হয়েছে।

‘পাগলপান্তি’ ছবির প্রযোজক কুমার মঙ্গত ইতিমধ্যেই নিশ্চিত করেছেন জনের আহত হওয়ার খবর। এদিন শুটিংয়ে ওই একই দৃশ্যে অনিল কাপুর, আরশাদ ওয়ারসি, পুলকিত সম্রাট, ইলিনা ডিক্রুজ, কৃতী খারবান্দাও ছিলেন।

কুমার মঙ্গত বলেন, ‘‘খুব সাধারণ একটা দৃশ্যের শুটিং চলছিল। কিন্তু বোঝাপড়ায় গন্ডগোল হয়। কিন্তু অভিনেতা-পরিচালকের বোঝাপড়ার অভাবে দুর্ঘটনা ঘটে গিয়েছে। বিদেশে ৯০ শতাংশ শুটিং হয়ে গিয়েছে আমাদের। বাকি অংশের কাজ চলছিল মুম্বইয়ে। খুব শিগগিরিই আবার নতুন করে শুটিংয়ের দিনক্ষণ ঘোষণা করব আমরা। চেষ্টা করব কত তাড়াতাড়ি শেষ করা যায়। আগামী জুনের মধ্যে কাজ শেষ করতে পারব বলে আশা করছি।”

সব ঠিক থাকলে চলতি বছরের ২২ নভেম্বরেই মুক্তি পাওয়ার কথা ‘পাগলপান্তি’র। অন্যদিকে, জন অভিনীত ‘সত্যমেব জয়তে’-র সিক্যুয়েলের কথা শোনা যাচ্ছে। জনের বিপরীতে দিব্যা খোসলা কুমার অভিনয় করতে পারেন। দিব্যা অবশ্য বিয়ের পর দুটো ছবি পরিচালনা করেছেন স্বামী ভূষণ কুমারের প্রযোজনায়। অক্ষয়ের বিপরীতে ডেবিউ করার পর খুব একটা বড় পর্দায় মুখ দেখা যায়নি এই অভিনেত্রী তথা পরিচালকের। এবার শোনা যাচ্ছে, জন আব্রাহামের বিপরীতে ‘সত্যমেব জয়তে ২’ দিয়েই ফের অভিনয়ে ফিরছেন দিব্যা।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension