
‘শুধুমাত্র বাংলাদেশ থেকে আসা মুসলিমদেরই তাড়ানো হবে’
রূপসী বাংলা কলকাতা ডেস্ক: ভারতের জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি) নিয়ে পশ্চিমবঙ্গ জুড়ে নানা বিভ্রান্তির মধ্যে সাধারন মানুষকে আশ্বস্ত করলেন বিজেপি নেতা সায়ন্তন বসু।
মঙ্গলবার পশ্চিমবঙ্গের ডুয়ার্সে গিয়ে তিনি বললেন, এনআরসি নিয়ে চিন্তার কারন নেই। এনআরসির মাধ্যমে শুধুমাত্র বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে আসা মুসলিমদেরই তাড়ানো হবে।
বিজেপি নেতা সায়ন্তন বলেন, এনআরসি নিয়ে হিন্দুদের কোনও চিন্তা নেই। প্রতিবেশী দেশ থেকে কোনও হিন্দু ভারতে এসে থাকলে তাদের অনুপ্রবেশকারী নয়, শরণার্থী হিসাবে দেখবে কেন্দ্রীয় সরকার। ভারতের নাগরিক মুসলিমদেরও কোনও সমস্যা হবে না। কিন্ত বাংলাদেশ থেকে যে সমস্ত মুসলমান অবৈধভাবে ভারতে এসে বসবাস করছে তাদের কোনওভাবেই ভারতের মাটিতে থাকতে দেওয়া হবে না।
সায়ন্তন বসু বলেন, পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস যতোই এনআরসি নিয়ে আন্দোলন করুক অথবা পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের মুসলমানদের জন্য যতোই মরা কান্না কাঁদুন না কেন, তবুও আমাদের কিছু করার নেই। আমরা বাংলাদেশের মুসলমানদের কোনভাবেই ভারতের মাটিতে থাকতে দেবো না।
এদিন বিজেপি নেতা সায়ন্তন বসু তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ করে বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের যদি ক্ষমতা থাকে তো এনআরসি আটকে দেখান, ক্ষমতা থাকলে সংসদে নাগরিকত্ব বিলের বিরোধিতা করে দেখান।



