বিনোদন

শুধু অক্ষয় নন, ভারতে ভোটে দেওয়ার অধিকার নেই আলিয়া-দীপিকাদেরও

রূপসী বাংলা বিনোদন ডেস্ক: চতুর্থ দফায় ভোট দিচ্ছে মুম্বই। সোমবার সকাল থেকেই বুথমুখী হয়েছেন মুম্বইয়ের সেলেব্রিটিরা। তবে মুম্বই বাস করলেও অনেক তারকাই ভোট দিতে পারেন না।

অক্ষয় কুমার ভারতীয় নাগরিক নন বলে কয়েকদিন আগেই বিতর্ক তৈরি হয়েছিল। তবে শুধু অক্ষয় নন, এই তালিকায় রয়েছেন আরও অনেকে।

অক্ষয় কুমার: পঞ্জাবের অমৃতসরে জন্ম অক্ষয় কুমারের। কিন্তু তিনি ভারতীয় নাগরিক নন। তাই ভোট দিতে পারেন না খিলাড়ি কুমার।

কানাডার তরফ থেকে তাঁকে সাম্মানিক নাগরিকত্ব দেওয়া হয়। ভারতীয় সংবিধান অনুযায়ী, কোনও নাগরিক দ্বৈত নাগরিকত্ব রাখতে পারেন না। তাই অক্ষয় ভারতের নাগরিকত্ব ছাড়তে হয়েছে।

কিছুদিন আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাক্ষাৎকার নিয়েছেন অক্ষয়। একাধিক দেশাত্মবোধক ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছে তাঁকে। বিভিন্ন সময় পাশে দাঁড়িয়েছে সেনাবাহিনীরও। পুলওয়ামা হামলায় শহিদ জওয়ানদের পরিবারের জন্য পাঁচ কোটি টাকা দান করেছেন তিনি। কিন্তু দেশের সরকার নির্বাচনে ভোট দেওয়ার অধিকার নেই অক্ষয়ের।

আলিয়া ভাট: সাম্প্রতিককালে বলিউডের জনপ্রিয়তম অভিনেত্রী আলিয়া। ‘গালি বয়’ কিংবা ‘কলঙ্ক’, একের পর এক ছবিতে চুটিয়ে অভিনয় করছেন তিনি। তবে দেশে ভোত দিতে পারেন না মহেশ ভাটের কন্যা।

আলিয়ার কাছে রয়েছে ব্রিটিশ নাগরিকত্ব। তাঁর মা সোনি রাজদানও একজন ব্রিটিশ নাগরিক। সেই সূত্রেই আলিয়া ব্রিটেনের নাগরিকত্ব পেয়েছেন। উল্লেখ্য, সামনেই মুক্তি পাচ্ছে আলিয়ার ছবি ‘ব্রহ্মাস্ত্র’।

দীপিকা পাডুকোন: যদিও দীপিকা দক্ষিণ ভারতের মেয়ে। কিন্তু কর্মসূত্রে দীর্ঘদিন ধরেই রয়েছেন মুম্বইতে। তবে প্রাক্তন ব্যাডমিন্টন প্লেয়ার প্রকাশ পাড়ুকোনের মেয়ে দীপিকার জন্ম ডেনমার্কে।

ডেনমার্কের কোপেনহেগেনে জন্ম দীপিকার। বড় হয়েছেন বেঙ্গালুরুতে। তবে জন্ম ডেনমার্কে হওয়ায় তাঁর কাছে রয়েছে ড্যানিশ পাসপোর্ট। তাই ভারতে ভোট দিতে পারেন না তিনিও।

কিছুদিনের মধ্যেই মুক্তি পাবে দীপিকার নতুন ছবি ‘ছপক।’ অ্যাসিড আক্রান্ত লক্ষীর গল্প নিয়েই ছবি ‘ছপক।’ ইতিমধ্যেই তাঁর লুক ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।

ক্যাটরিনা কাইফ: বলিউডে কাজের সূত্রেই মুম্বইতে এসেছেন তিনি। আদতে জন্ম, বড় হওয়া- সবটাই দেশের বাইরে। তিনি জন্মেছেন হংকং-এ। তাঁর কাছেও রয়েছে ব্রিটিশ পাসপোর্ট। যদিও তাঁর বাবা কাশ্মীরি। তবে ভারতের নাগরিকত্ব না থাকায় ভোট দিতে পারেন না তিনি।

২০০৩ সালে ‘বুম’ ছবিতে অভিনয় করে বলিউডে পা রাখেন তিনি। যদিও সেই ছবি ফ্লপ হয়। কিন্তু তারপর একের পর এক হিট ছবিতে অভিনয় করেছেন ক্যাটরিনা। কিছুদিন বাদেই মুক্তি পাবে সলমন খানের সঙ্গে তাঁর ছবি ‘ভারত’।

জ্যাকলিন ফার্নান্ডেজ: ভারতে একের পর এক ছবিতে অভিনয় করে মন কেড়েছেন জ্যাকলিন। কিন্তু জন্মসূত্রে তিনি ভারতীয় নন। তাঁর বাব শ্রীলঙ্কার নাগরিক ও মা মালয়েশিয়ার। বাহরাইনে জন্ম জ্যাকলিনের। তাই তাঁর কাছেও নেই ভারতের নাগরিকত্ব।

২০০৬ সালে ‘মিস ইউনিভার্স শ্রীলঙ্কা’ খেতাব জেতেন তিনি। বলিউডে পা রাখেন বছর দশেক আগে। প্রথম ছবি আলাদিন। এরপর কিক, হাউসফুল, রেস-২ এর মত হিট ছবিতে অভিনয় করেছেন জ্যাকলিন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension