
বাংলাদেশের প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগরে সভানেত্রী শেখ হাসিনা জাতিসংঘের সাধারণ অধিবেশন উপলক্ষে প্রতি বছরই নিউ ইয়র্কে আসেন।
এ বছর করোনাভাইরাসের কারণে ৭৫তম অধিবেশনটি অনুষ্ঠিত হবে ভার্চুয়ালি। ফলে পৃথিবীর কোনও দেশের নেতৃবৃন্দ এবার নিউ ইয়র্কে আসছেন না। প্রতিবার নিউ ইয়র্কে শেখ হাসিনার আগমনকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ ও বিএনপি নেতাকর্মীরা ব্যাপকভাবে উজ্জীবিত।
নিউ ইয়র্ক শহরের বাঙালি অধ্যুষিত এলাকা ব্যানার-পোস্টার এবং নানা স্টেটের মানুষের পদচারণায় মুখর হয়ে উঠে। সেখানের হোটেলগুলোতে রুম সংকট দেখা দেয়। এবার শেখ হাসিনা না আসায় অনেকটা স্থবির দেখা যায় রাজনৈতিক মাঠ। তবে ভার্চুয়ালি শেখ হাসিনা এবার বক্তব্য প্রদান করবেন আগামী ২৬ সেপ্টেম্বর।
প্রতিবার শেখ হাসিনার আগমন উপলক্ষে জ্যাকসন হাইটসে ৫ ফিটের নৌকা তৈরি করে দেয়ালে সাজান ক্ষুদ্র ব্যবসায়ী নান্টু মিয়া। তিনি বলেন, আমি ২০ বছর ধরে দেশে যাই না। প্রতিবার এই মাসে শুধু শেখ হাসিনাকে দেখতে পারতাম। তার সম্মানে নৌকা ও ব্যানার বানাতাম। এবার কোনো কিছু করতে পারছি না। মাসজুড়ে যেন আনন্দের বন্যা বইতো। সব কিছু মনে করে আমার কান্না আসছে।❐



