আন্তর্জাতিক

সংকটে পেট্রোডলার!

ইউক্রেনে রুশ বিশেষ অভিযানে সামরিক প্রভাবের চেয়ে অর্থনৈতিক প্রভাব সবচেয়ে বেশি। রাশিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ গোটা ইউরোপ যতগুলো নিষেধাজ্ঞা দিয়েছে, তার সিংহভাগই অর্থনৈতিক। রাশিয়াকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দিয়ে চাপ সৃষ্টি করতে চাইছে পশ্চিমারা। কিন্তু গত এক দশকেরও বেশি সময় রাশিয়া তাদের অভ্যন্তরীণ অর্থনীতি এমন প্রক্রিয়ায় সাজিয়েছে, যেখানে পশ্চিমা এসব অবরোধ-নিষেধাজ্ঞা খুব একটা কাবু করতে পারছে না মস্কোকে। গত সোমবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখেও একই কথা শোনা গেছে।

এ যুদ্ধের সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক মোড় হলো রাশিয়াকে সুইফট ব্যবস্থা থেকে বের করে দেওয়া। পশ্চিমা এমন পদক্ষেপের কারণে পেট্রোডলারের আধিপত্যের বিষয়টি ফের সামনে চলে আসে। সত্তরের দশকে বৈশ্বিক তেলের বাজারে ডলারে মূল্য পরিশোধের যে একচেটিয়া আধিপত্যবাদ সৃষ্টি করেছিল যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা, এ থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করে আসছিল অনেক দিন থেকেই চীন ও রাশিয়া। ইউক্রেন যুদ্ধের মাধ্যমে সেই সুযোগ চলে আসে রাশিয়া ও চীনের কাছে। ইউক্রেন যুদ্ধ শুরুর আগেই চীনের সঙ্গে রাশিয়া ৩০ বছর মেয়াদি একটি জ্বালানি চুক্তি করে। ওই চুক্তির একটি ধারায় নিজেদের মুদ্রায় তেলের মূল্য পরিশোধের বিষয়টি উল্লেখ ছিল। রাশিয়াকে সুইফট থেকে বাদ দেওয়ার পর এখন চীন তাদের মুদ্রায় রাশিয়া থেকে তেল কিনছে। এ ঘটনার পর মধ্যপ্রাচ্যের অন্যতম তেল উৎপাদক দেশ সৌদি আরবও নিজেদের মুদ্রায় তেল বিক্রি করতে চাইছে।

ডলারের এ অর্থনৈতিক আভিজাত্যের রাজনৈতিক ফল ভোগ করেছে যুক্তরাষ্ট্র। দেশটির শাসকরা বহুবার এ সুবিধাকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করেছে ভিন্নমতাবলম্বী রাষ্ট্র ও সরকারের বিরুদ্ধে। এসব আক্রমণে বিভিন্ন সময় তারা সহযোগী করে নিয়েছিল ‘পাউন্ড’ ও ‘ইউরো’কে। কিন্তু রাজনৈতিক কারণে ডলারকে ক্রমাগত মারণাস্ত্র হিসেবে ব্যবহারে অনেক দেশ এখন ত্যক্ত-বিরক্ত। যুক্তরাষ্ট্র যেভাবে আফগানিস্তান থেকে রাশিয়া পর্যন্ত সবার ডলার-রিজার্ভ ইচ্ছেমতো আটকে দিচ্ছে, তাতে মধ্যপন্থি দেশগুলোর ভেতরও ভয় ঢুকেছে। এরকম ভীতিকে কাজে লাগিয়েই ডলার আধিপত্যের বিরুদ্ধে পাল্টা প্রতিরোধ গড়তে চায় রাশিয়া।

যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পাল্টা হিসেবে রুশ রাষ্ট্রবিজ্ঞানী ও অর্থনীতিবিদদের একটা বড় প্রকল্প হলো ইউরেশিয়া ইউনিয়ন। বর্তমানে এর গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন সার্গেই গ্লাজিয়েভ। ইউরেশিয়া ও চীনকে কাছাকাছি এনে এ পণ্ডিত দল বিশ্ব অর্থনীতিতে ডলারবিরোধী নতুন মুক্তাঞ্চল গড়তে চায়। পুতিনের এ পরামর্শকদের পরিকল্পনা হলো ডলার আধিপত্যের বিরুদ্ধে দাঁড়িয়ে ইউক্রেন যুদ্ধটা আরও বড় পরিসরে করা যায়। তারা মনে করছেন, ঔপনিবেশিক মুরব্বি হিসেবে ব্রিটিশদের আধিপত্য খর্ব হওয়ার সময় গত শতাব্দীর মাঝামাঝি বিশ্ব যেভাবে বড় ধরনের ঝাঁকুনি খেয়েছিল, সেরকম আরেক মুহূর্ত এসেছে এখন। ইউক্রেন যুদ্ধের মধ্য দিয়ে বিশ্বে যুক্তরাষ্ট্রের আধিপত্য কমবে এবং তা কমানোর সুযোগ কাজে লাগানো উচিত। শুধু সার্গেই গ্লাজিয়েভ বা পুতিন নয়, চীন-ভারতও নতুন সেই চিন্তায় শামিল হতে আগ্রহী।

রাশিয়া ও চীন নিজেদের মধ্যে ইতিমধ্যে ‘সুইফট’-এর বিকল্প বার্তাব্যবস্থা কায়েম করে নিয়েছে এবং সেই ব্যবস্থায় আশপাশের অনেক দেশকে শামিল করতে তৎপর আছে। ভারত ইতিমধ্যে এসপিএফএস নামে পরিচিত রাশিয়ার ফিন্যান্সিয়াল মেসেজিং সিস্টেমে যুক্ত হওয়ার পরিকল্পনা করছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension