
সব বলে দিলে পরিবার আমাকে কখনো ক্ষমা করবে না: প্রিন্স হ্যারি
যুক্তরাজ্যের প্রিন্স হ্যারি দাবি করেছেন, তার কাছে দুটি বই লেখার মতো যথেষ্ট মালমসলা রয়েছে। কিন্তু সদ্যঃপ্রকাশিত স্মৃতিকথায় কিছু জিনিস যুক্ত করেননি, কারণ তাহলে বাবা এবং বড় ভাই তাকে কখনো ক্ষমা করবেন না।
প্রিন্স হ্যারি যুক্তরাজ্যের ডেইলি টেলিগ্রাফ পত্রিকাকে বলেছেন, ‘এমন কিছু বিষয় আছে যেগুলো বিশ্ব জানুক তা আমি চাই না।’
হ্যারি আরো বলেন, তিনি চান রাজপরিবারের সদস্যরা তার স্ত্রী মেগানের কাছে যেন ক্ষমা চান।
মেগানের বাবা শ্বেতাঙ্গ ও মা কৃষ্ণাঙ্গ। এ কারণে তিনি গর্ভবর্তী হওয়ার পর থেকেই অনাগত সন্তানের গায়ের রং নিয়ে রাজপরিবারে অনেকে বর্ণবাদী মন্তব্য করেছিলেন বলে হ্যারির অভিযোগ।
১০ জানুয়ারি প্রকাশিত ‘স্পেয়ার’ যুক্তরাজ্যে এখন পর্যন্ত সবচেয়ে দ্রুত বিক্রি হওয়া নন-ফিকশন (গল্প-উপন্যাসের বাইরে) বই হয়ে উঠেছে।
‘স্পেয়ার’ বইটিতে হ্যারি ব্রিটিশ রাজপরিবারের বিরুদ্ধে অনেক অভিযোগ করেছেন। পাশাপাশি মায়ের অস্বাভাবিক মৃত্যুতে আঘাত পাওয়া, নিজের মানসিক স্বাস্থ্যের সমস্যা, মেগানের সঙ্গে সম্পর্ক হওয়ার আগের বিচ্ছিন্ন জীবনযাপন এবং পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ার কথা তুলে ধরেছেন তিনি।
রাজপরিবার বলেছে, তারা এ বইয়ের বক্তব্য নিয়ে কোনো মন্তব্য করবে না।
টেলিগ্রাফ পত্রিকার ব্রায়োনি গর্ডনের সঙ্গে আলাপে ডিউক অব সাসেক্স হ্যারি আরো বলেন, তিনি ব্রিটিশ রাজতন্ত্রের পতন ঘটানোর চেষ্টা করছেন না, বরং ‘তাদের নিজেদের কাছ থেকেই বাঁচানোর চেষ্টা করছেন।’
সূত্র : বিবিসি



