আন্তর্জাতিক

সমুদ্র গর্ভে হারিয়ে যাবে বিশ্ব: নাসা

রূপসী বাংলা আন্তর্জাতিক ডেস্ক: পরিবেশের ভারসাম্য হারিয়ে এবং জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্ব ধ্বংস হয়ে যাবে বলে অনেক আগে থেকেই সতর্ক করেছেন বিজ্ঞানীরা। সেই সতর্কতার সঙ্গে একমত পোষণ করে মার্কিন মহাকাশ সংস্থা নাসা জানিয়েছে, সমুদ্র গর্ভে হারিয়ে যাবে গোটা বিশ্ব। নাসার বিজ্ঞানীরা জানিয়েছেন, যেসব তথ্য প্রমাণ তাদের হাতে এসেছে তাতে নিশ্চিত বিশ্বে সমুদ্রের জলস্তর দ্রুত বাড়ছে৷ আর আগামী ১০০ বছরের মধ্যেই সমুদ্রের জলস্তর অন্তত ১ মিটার বাড়বেই।

আশঙ্কার কথা এই যে, বিশ্ব উষ্ণায়ণের জেরে যে হারে সমুদ্রের জলস্তর বাড়ার কথা ছিল, তার চেয়ে অনেক দ্রূত হারে বাড়ছে৷ এটা কোনোভাবেই আটকানো কিংবা বাধা দেওয়া সম্ভব নয়। বিজ্ঞানীদের মতে, ডুবে যাবে প্রশান্ত ও ভারত মহাসাগরের অসংখ্যা দ্বীপ৷ সমুদ্র উপকূলবর্তী হাজারও শহর৷ হয়ত অস্তিত্বই থাকবে না ফ্লোরিডার মতো অনেক জনপদের৷ অচিরেই যার ফল ভুগতে হবে ১৫ কোটি মানুষকে৷

নাসার সমুদ্র জলস্তর নিয়ে গবেষণাকারী দলের প্রধান স্টিভ নেরেম জানিয়েছেন, ‘সাম্প্রতিক গবেষণায় যে তথ্য প্রমাণ হাতে এসেছে, তাতে আমরা নিশ্চিত ১০০ বছরের মধ্যে জলস্তর এক মিটার বাড়বেই৷ যার ফল ভুগতে হবে গোটা বিশ্ববাসীকে৷’ নাসার তরফে জানানো হয়েছে, সম্প্রতি অত্যাধুনিক যন্ত্রের সাহায্যে সমুদ্রের জলস্তর মাপা হয়েছে৷ তাতে দেখা গিয়েছে, জল যেমন বেড়েছে সমুদ্রে তেমনই জলে ভাসমান বরফের পাহাড়ের উচ্চতাও বেড়েছে৷ নাসার এই নতুন ধরনের যন্ত্রের সাহায্যে পরীক্ষার ফল নির্দিষ্ট শুধু নয়, একেবারেই নির্ভুল বলে দাবি করছেন গবেষকরা৷

তারা জানিয়েছেন, বিশ্ব উষ্ণায়ণের জেরে সমুদ্রের জলের তাপমাত্রাও দ্রূত বাড়ছে৷ যার জেরে অ্যান্টার্কটিকা, গ্রিনল্যান্ডের বরফের স্তর শুধু উপরিভাগ থেকেই নয়, জলের নীচ থেকেও গলছে৷ বরফ গলায় ওজন কমার ফলে বরফের পাহাড় ভেসে উঠছে৷ বাড়ছে উচ্চতা৷

গবেষকরা বেশি চিন্তিত গ্রিনল্যান্ডের বরফের স্তর নিয়ে৷ কারণ, তথ্য বলছে গত এক দশকে প্রতিবছর গ্রিনল্যান্ডে ৩০৩ ‌গিগাটন বরফ গলেছে৷ অ্যান্টার্কটিকায় গলেছে ১১০ গিগাটন৷ সমুদ্র বিশেষজ্ঞ জশ উইলস বলছেন, ‘আমরা যতটা ভেবেছিলাম গত কয়েক বছরে তার চেয়ে অনেক তাড়াতাড়ি বরফ গলেছে৷ আমাদের ধারণা, আগামী ২০ বছরে আরও দ্রূত হারে বরফের স্তর গলবে’৷

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension