
সাংবাদিককে ফেনসিডিল দিয়ে ফাঁসানোর হুমকি এসআইয়ের
রূপসী বাংলা নিউজ ডেস্ক: পেশাগত প্রয়োজনে হরিণাকুণ্ডু থানায় গিয়ে লাঞ্ছনার শিকার হয়েছেন দৈনিক বাংলাদেশ জার্নালের ঝিনাইদহ জেলা প্রতিনিধি এম. মাহফুজুর রহমান। তার সাথে অসৌজন্যমূলক আচরণের দায়ে কনস্টেবল আব্দুল আলীমকে বদলি করা হয়েছে।
এছাড়া এসআই জিয়াউল হকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নিয়েছে জেলা পুলিশ প্রশাসন। সোমবার দুপুরে ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাসের সাথে জেলার সিনিয়র সাংবাদিকরা সাক্ষাৎ করলে তিনি এ কথা জানান।
সাংবাদিক এম. মাহফুজুর রহমান পুলিশ সুপার হাসানুজ্জামানের কাছে লিখিত অভিযোগে উল্লেখ করেন, রোববার তিনি একটি তথ্য সংগ্রহের জন্য হরিণাকুন্ডু থানায় যান। থানার মধ্যে ঢুকতেই সেন্ট্রি পোস্টে সাদা পোশাকে দায়িত্বরত কনস্টেবল আব্দুল আলীম এম. মাহফুজকে বাধা দেন।
কেনো প্রবেশ করা যাবে না এমন প্রশ্ন করতেই থানার মধ্যে থাকা এসআই জিয়াউল হক বাইরে বেরিয়ে আসেন। তিনি এসে সাংবাদিকদের নিয়ে অশালীন কথা বলেন এবং ফেনসিডিল দিয়ে সাংবাদিক এম. মাহফুজকে ফাঁসিয়ে দেয়ার হুমকি দেন। উচ্চস্বরে আওয়াজ শুনে বাইরে বেরিয়ে আসেন ওসি আসাদুজ্জামান।
ওসি এসে পরিবেশ শান্ত করার চেষ্টা করেন। এ সময় এসআই জিয়াউল হক ওসি আসাদুজ্জামানের সাথেও তুই-তোকারি আচরণ করেন।
অভিযোগে সাংবাদিক মাহফুজুর রহমান নিজের নিরাপত্তা এবং এসআই জিয়াউল হক ও কনস্টেবল আব্দুল আলীমের বিচার দাবি করেন।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাস বলেন, আমরা একটি অভিযোগ পেয়েছি। কনস্টেবল আব্দুল আলীমকে বদলি করা হয়েছে। এসআই জিয়াউল হকের বিরুদ্ধেও তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
এ ঘটনায় হরিণাকুন্ডু থানার ওসি আসাদুজ্জামান দুঃখ প্রকাশ করেছেন।



