
সাবেক এফবিআই পরিচালক জেমস কোমির বিরুদ্ধে দুই অভিযোগ গঠন
এফবিআইয়ের সাবেক পরিচালক জেমস কোমির বিরুদ্ধে কংগ্রেসে দেওয়া সাক্ষ্য সংশ্লিষ্ট দুটি অভিযোগ গঠন করেছে ভার্জিনিয়ার একটি ফেডারেল গ্র্যান্ড জুরি।
কোমির বিরুদ্ধে মিথ্যা বিবৃতি দেওয়ার একটি অভিযোগ এবং আরেকটি ন্যায়বিচারে বাধা দেওয়ার অভিযোগ আনা হয়েছে।
এ তদন্তের নেতৃত্ব দিচ্ছেন লিন্ডসে হ্যালিগান, যিনি পূর্ব ভার্জিনিয়ার মার্কিন অ্যাটর্নি এবং একসময় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত আইনজীবী ছিলেন।
অভিযোগের প্রতিক্রিয়ায় কোমি বৃহস্পতিবার ইনস্টাগ্রামে এক মিনিটের ভিডিওতে নিজেকে নির্দোষ দাবি করে বলেন, ‘আমি ফেডারেল বিচার ব্যবস্থার উপর পূর্ণ আস্থা রাখি।’
কোমির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগপাঠের (অ্যারেইনমেন্ট) জন্য স্থানীয় সময় ৯ অক্টোবর সকাল ১০টায় ভার্জিনিয়ার আলেকজান্দ্রিয়া ঠিক করা হয়েছে। সেদিন আসামির সামনে অভিযোগগুলো পড়ে শোনানো হবে।
কোমি হচ্ছেন প্রথম কোনো সাবেক এফবিআই পরিচালক, যার বিরুদ্ধে অপরাধমূলক অভিযোগ আনা হয়েছে। যদি দোষী প্রমাণিত হন, তাহলে তার সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। সূত্র: বিবিসি



