
সাবেক পোপ ষোড়শ বেনেডিক্টের জীবনাবসান
ক্যাথলিক খ্রিস্টান ধর্মাবলম্বীদের সাবেক ধর্মগুরু পোপ ষোড়শ বেনেডিক্ট ভ্যাটিকানে তার বাসভবনে মারা গেছেন। তার বয়স হয়েছিল ৯৫ বছর।
২০১৩ সালে স্বাস্থ্য সংক্রান্ত কারণে পোপের পদ ছেড়েছিলেন ষোড়শ বেনেডিক্ট। প্রায় ৮ বছর পোপের দায়িত্বে ছিলেন তিনি। ১৪১৫ সালে দ্বাদশ গ্রেগরির পর বেনেডিক্টই প্রথম যিনি পোপের পদ থেকে ইস্তফা নেন।
ভ্যাটিকানের পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে পোপ ষোড়শ বেনেডিক্ট আজ ৯টা ৩৪-এ ভ্যাটিকানের মাতের এক্লেসিয়ে মঠে মারা গেছেন। দ্রুতই এ ব্যাপারে বিস্তারিত তথ্য দেয়া হবে।’
ভ্যাটিকান আরও জানায়, অনুসারীদের শ্রদ্ধা জানানোর জন্য পোপ বেনেডিক্টের মরদেহ আগামী ২ জানুয়ারি থেকে সেন্ট পিটার্স ব্যাসিলিকায় রাখা হবে। তার শেষকৃত্যের পরিকল্পনা আগামী কয়েক ঘণ্টার মধ্যেই ঘোষণা করা হবে।
সাবেক এই পোপকে দেখতে মাঝে মাঝেই তার আবাসস্থলে যেতেন বর্তমান পোপ ফ্রান্সিস। গত বুধবার ভ্যাটিকানে ‘পোপ ইমেরিটাস বেনেডিক্টের জন্য বিশেষ প্রার্থনা’র আহ্বান জানিয়েছিলেন পোপ ফ্রান্সিস। তখন বেনেডিক্টের অবস্থা সঙ্কটাপন্ন বলে উল্লেখ করেন বর্তমান পোপ।
জোসেফ রাটজিঙ্গার নামের জার্মান নাগরিক বেনেডিক্ট নাম ধারণ করে ২০০৫ সালে পোপের দায়িত্ব নেন। তখন তার বয়স ছিল ৭৮ বছর।



