
সিপিবির মিহির ঘোষসহ ৭ জনের মুক্তির দাবিতে নিউইয়র্কে সমাবেশ
নিউ ইয়র্কে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) প্রেডিয়াম সদস্য ও জেলা সভাপতি মিহির ঘোষ,জেলা নেতা ছাদেকুল মাস্টারসহ আটককৃত নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি চেয়ে প্রতিবাদ সমাবেশ আয়োজন হয়েছে।
গেল বুধবার (২৫ জানুয়ারি) শহরের জ্যাকসন হাইটস ডাইভারসিটি প্লাজায় প্রোগ্রেসিভ ফোরাম আয়োজিত প্রতিবাদ সমাবেশ থেকে সিপিবির নেতাদের বিরুদ্ধে মামলাকে ‘হয়রানি’ ও ‘ষড়যন্ত্র’ উল্লেখ করে অবিলম্বে মামলা প্রত্যাহার ও মুক্তির দাবি জানানো হয়।
বাংলাদেশ কৃষক সমিতির কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি বিপ্লব চাকীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন প্রোগ্রেসিভ ফোরামের সভাপতি খোরশেদুল ইসলাম, ছাত্র ইউনিয়নের সাবেক নেতা লিয়াকত আলী, মহিলা পরিষদ যুক্তরাষ্ট্র শাখার সাধারণ সম্পাদক সুলেখা পাল, উদীচী যুক্তরাষ্ট্র শাখার সদস্য হিরো চৌধুরী প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ছাত্র ইউনিয়নের সাবেক নেতা ও বিশিষ্ট রাজনীতিক জাকির হোসেন বাচ্চু।
সমাবেশে বক্তারা বলেন, দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে গাইবান্ধা সদরের গিদারীতে আওয়ামী লীগের প্রার্থী ভোট ডাকাতির মাধ্যমে নির্বাচিত হয়েছেন। এই জুলুম ও অন্যায়ের প্রতিবাদ করলে সিপিবি নেতাকর্মীর নামে হয়রানিমূলক মিথ্যা মামলা দিয়ে জুলুম-নির্যাতন চালানো হচ্ছে। এর এক পর্যায়ে বাংলাদেশের কমিউনিস্ট পার্টিও (সিপিবি) প্রেডিয়াম সদস্য ও জেলা সভাপতি মিহির ঘোষ,জেলা নেতা ছাদেকুল মাস্টারসহ ৭ জনকে গ্রেপ্তার করেছে।
প্রতিবাদ সমাবেমে গ্রেপ্তারকরা নেতাদের মুক্তির দাবি-দাওয়া সংবলিত ব্যানার-ফেস্টুন ও পোষ্টার ধারণ করে স্লোগান দিতে থাকেন।



