
সিরিয়াকে সদস্যপদ ফিরিয়ে দেয়ার সিদ্ধান্ত নিল আরব লীগে
দীর্ঘ ১২ বছর পর সিরিয়াকে সদস্য পদ ফিরিয়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে আরব দেশগুলোর সংস্থা আরব লীগ। রোববার মিশরের রাজধানী কায়রোতে আরব লীগের সদর দপ্তরে সংস্থার পররাষ্ট্রমন্ত্রীদের রুদ্ধদ্বার বৈঠকে সিরিয়াকে পুনরায় সদস্য করার সিদ্ধান্ত নেয়া হয়। আগামী ১৯ মে সৌদি আরবের রাজধানী রিয়াদে আরব লীগের শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর আগেই সিরিয়াকে সংস্থার সদস্য পদ ফিরিয়ে দেয়ার সিদ্ধান্ত হলো।
এর আগে ২০১১ সালে সিরিয়াকে আরব লীগ থেকে সিরিয়াকে বহিষ্কার করা হয়। এমন বিতর্কিত সিদ্ধান্তের বিরুদ্ধে গত এক দশক ধরে প্রতিবাদ জানিয়ে আসছিল সিরিয়া। অবশেষে গত সপ্তাহে সিরিয়াকে আরব লীগে ফিরিয়ে নিতে জর্ডানের উদ্যোগে মিশর, ইরাক, সৌদি আরব ও সিরিয়ার কূটনীতিকদের মধ্যে বৈঠক হয়। ওই সময় আশ্বাস দেয়া হয়, সংস্থার শীর্ষ বৈঠকের আগেই সিরিয়াকে আরব লীগে ফিরিয়ে আনা হবে। ১৯৪৫ সালে যে ছয়টি দেশ মিলে আরব লীগ গঠন করেছিল সিরিয়া তার একটি।
আল-জাজিরার খবরে জানানো হয়েছে, সিরিয়াকে শুধু আরব লীগের পদ ফিরিয়ে দেয়াই নয়, দেশটির সঙ্গে সম্পর্ক স্থাপনে আগ্রহী হয়ে উঠছে আরব দেশগুলো। চীনের মধ্যস্ততায় সৌদি আরব ও ইরানের মধ্যে সম্পর্ক স্থাপনের পরই মধ্যপ্রাচ্যে পরিবর্তনের হাওয়া বইতে শুরু করেছে। এরপর থেকেই সিরিয়ার সঙ্গে অন্য আরব দেশগুলো যোগাযোগ শুরু করেছে।
তারই ধারাবাহিকতায় আরব লীগের পদ ফিরে পেলো সিরিয়া।



