
সিরীয় নারীর মুখে আসাদ বাহিনীর নির্যাতনের বর্ণনা
রূপসী বাংলা ডেস্ক:হাজারো সিরিয় নারীকে আটক করে তাদের ওপর কঠোর নির্যাতন চালায় বাশার আল আসাদ সরকার। কারাগার থেকে বেরিয়ে আসা এক নারীর কাছ থেকে এমন তথ্য বেরিয়ে এসেছে ডয়চে ভেলের এক প্রতিবেদনে।
সিরিয় কারাগার থেকে ফিরে আসা মুনা মুহাম্মদ নামে ওই নারী জানান, তার কাছে বন্দি জীবনের প্রতিটি মুহূর্ত ছিল যন্ত্রণা আর অত্যাচারের৷
‘আমার মাথা একটি প্লাস্টিক ব্যাগ দিয়ে বাধা ছিল৷ এরপর উল্টো করে সিলিং থেকে ঝুলিয়ে দিয়েছিল। এরপর কারা প্রহরী বলছিলেন, এভাবে মাথার ভেতর থেকে সব ‘কুচিন্তা’ বেরিয়ে আসবে।’
সিরিয়ায় সংগীতের শিক্ষক ছিলেন মুনা৷ দাঈর এজ-জর-এ আসাদের বিরুদ্ধে প্রতিবাদ করায় ২০১২ সালে গ্রেপ্তার হন তিনি৷ জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেয়া হলেও সেনা গোয়েন্দারা পরে তাকে আবার গ্রেপ্তার করে দামেস্কে নিয়ে যান। সিরিয়ার সামরিক গোয়েন্দাদের যে সেলটি তাকে গ্রেপ্তার করেছে, সেই সেলকে ‘ব্রাঞ্চ অফ হেল’ বা ‘নরকের শাখা’ বলে ডাকা হয়৷
মুনা জানান, যে লোকটি তাকে অত্যাচার করছিলেন, একদিন তিনি মুনাকে জিজ্ঞেস করলেন, ‘তোমার হৃৎপিণ্ড কোথায়?’ আঙুল দিয়ে দেখাতেই, সেখানে আঘাত করা হয়।
মাসের পর মাস মুনাকে কখনো একটি নির্জন কক্ষে বা কখনো অন্যদের সঙ্গে বন্দি রাখা হতো৷ তিনি বলেন, ‘একদিন তারা এক ষোড়শী তরুণীকে জিজ্ঞাসাবাদ করছিলেন৷ আমরা তার চিৎকার শুনছিলাম৷ মনে হচ্ছিল, তারা হয়তো মেয়েটিকে মেরে ফেলছে।’
মুনা আরও জানান, কারাগারে অনেক নারীকে ধর্ষণ করা হয়৷ অপরাধ স্বীকার না করলে তাকেও ধর্ষণ করার হুমকি দেয়া হয়েছিল। কারাগারে সবসময় টয়লেটে যাওয়া বা গোসল করার অনুমতি ছিল না তাদের। বন্দিদের সঙ্গে শিশুও ছিল৷
মুনা বলেন, ‘এক মা ও মেয়ের কথা মনে আছে৷ অন্ধকার ঘরে শিশুটি সারাদিন কাঁদতো৷ আর দরজার নিচ দিয়ে আলো ধরার চেষ্টা করতো।’
এক সময় মুনাকে ছেড়ে দেয়া হয়৷ ২০১৬ সালে তিনি তুরস্কে পালিয়ে যান৷ আরো প্রায় পাঁচ লাখ সিরীয় নাগরিকের সঙ্গে তুরস্কের গাজিয়ানটেপ শহরে থাকেন তিনি৷ কত নারী সিরিয়ার কারাগারগুলোতে অন্তরীণ আছেন, তা নিশ্চিত নয়৷ তবে সেখানকার নাগরিকদের অধিকার নিয়ে কাজ করে, এমন একটি এনজিও’র কর্ণধার ফাদেল আবদুল ঘানির মতে, সাত হাজারেরও বেশি নারীকে বন্দি করা হয়েছে৷
পরিকল্পিত নির্যাতন
২০১৭ সালে প্রকাশিত অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের প্রতিবেদন অনুযায়ী, কারাগারে সিরীয় গোয়েন্দা সংস্থার অত্যাচারে কমপক্ষে ১৭ হাজার নাগরিক মারা গেছেন৷ সেইদনায়া সামরিক কারাগারে প্রায় ১৩ হাজার নাগরিককে হত্যা করা হয়েছে৷ অ্যামনেস্টি এই হত্যাযজ্ঞকে সাধারণ নাগরিকের ওপর সরকারের ‘পরিকল্পিত নির্যাতন’ বলে উল্লেখ করেছে৷
বাশার আল-আসাদ অবশ্য এই প্রতিবেদন প্রত্যাখ্যান করে বলেছেন যে, এটি ভুয়া খবর৷
মুনার ‘প্রতিকার প্রকল্প’
সিরিয়ার কারাগারগুলোতে কী হচ্ছে তা বিশ্বকে জানাতে চান মুনা৷ তিনি বলেন, কথায় কথায় অপমান করা অত্যাচারের একটি অংশ ছিল৷ একটি ঘটনার কথা মনে পড়ে তার৷ এক ব্যক্তির কাছে তার পেশা কী জানতে চাইলেন প্রহরী৷ লোকটি জানালেন, তিনি একজন ডাক্তার৷ এরপর ওই প্রহরী তাকে বললেন, এক পায়ের ওপর লাফিয়ে লাফিয়ে বলতে যে, তিনি একটি খরগোশ৷ লোকটি প্রথমে আস্তে আস্তে বলছিলেন৷ প্রহরীরা তাই তাকে মারছিল৷ এরপর লোকটি জোরে জোরে বলছিল যে, আমি খরগোশ, আমি খরগোশ।’
মুনা তার জীবনের গল্পটি লিখেছেন৷ নির্যাতনের শিকার অন্য নারীদের ঘটনাগুলোও লিখে রাখছেন তিনি৷ এই নারীদের জন্য একটি ‘প্রতিকার প্রকল্প’ চালু করেছেন তিনি৷ মুনা বলেন, ‘অনেকেই কারাগারে কী ঘটেছে, তা নিয়ে কথা বলতে চান না৷ অন্যরা এতটাই ভেঙে পড়েন যে, কান্না থামাতে পারেন না৷ আমি তাদের শক্ত থাকার পরামর্শ দিই৷ বলি যে, যা ঘটেছে তার জন্য তারা দায়ী না৷ আমি তাদের নতুন জীবন শুরু করার কথা বলি।’
তুরস্কে মুনা তার নতুন জীবন শুরু করেছেন৷ একদিন তার ওপর যে অত্যাচার হয়েছে, এর বিচার পাবেন বলে প্রত্যাশা করেন তিনি৷



