
সীমান্তে উত্তেজনা, বিজিবি ও বিজিপির পতাকা বৈঠক
সীমান্তে উত্তেজনাকর পরিস্থিতি নিয়ে কক্সবাজারে টেকনাফের শাহপরীরদ্বীপে বিজিবি ও বিজিপির মধ্যে পতাকা বৈঠক শুরু হয়েছে।
রবিবার (৩০ অক্টোবর) সকাল সাড়ে ৯ টায় টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের নাফ নদীর শাহপরীরদ্বীপ জেটি ঘাট সংলগ্ন বিজিবির সোদান রেস্ট হাউজে বৈঠকটি শুরু হয়।
বিজিবির টেকনাফ-২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার বিষয়টি জানিয়েছেন।
এর আগে সকাল ৯ টায় টেকনাফের শাহপরীরদ্বীপ জেটি ঘাটে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বিজিপির ১০ সদস্যের একটি প্রতিনিধি দল দুইটি স্প্রিড বোট যোগে পৌঁছায়।
বিজিবি জানিয়েছে, গত প্রায় তিন মাস ধরে মিয়ানমারের অভ্যন্তরে চলমান গোলাগুলিকে কেন্দ্র করে সীমান্তে অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে। এতে বাংলাদেশ সীমান্তের বাসিন্দারা আতংকে রয়েছেন। সীমান্তের এ পরিস্থিতি নিয়ে শুরু থেকে দু’দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে নানা পর্যায়ে যোগাযোগ চলছিল। এ নিয়ে বিভিন্ন সময়ে বিজিবির পক্ষ থেকে বিজিপির কাছে একাধিকবার চিঠিও পাঠান হয়েছিল।
এর পরিপ্রেক্ষিতে শুক্রবার বিকালে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বিজিপি বৈঠকে বসতে রাজী হয়েছে মর্মে তাদের একটি চিঠি পাই। এ নিয়ে রবিবার টেকনাফে বিজিবি ও বিজিপির মধ্যে ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠানের সিদ্ধান্ত হয়।
লে. কর্ণেল শেখ খালিদ বলেন, সকাল ৯ টায় মিয়ানমারের বিজিপির ১০ সদস্যের একটি প্রতিনিধি দল টেকনাফে এসেছে। পরে সকাল সাড়ে ৯ টায় শাহপরীরদ্বীপ জেটি ঘাট সংলগ্ন বিজিবির সোদান রেস্ট হাউজে ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠকটি শুরু হয়। এতে বিজিবির ১০ সদস্যের প্রতিনিধি দল অংশ নিয়েছে।
পতাকা বৈঠকে সীমান্তে উত্তেজনাকর পরিস্থিতি নিয়ে আলোচনার তথ্য দিলেও অন্য বিষয়ে বিস্তারিত বিকালে প্রেস ব্রিফ্রিংয়ে জানান হবে বলে জানান বিজিবির এ কর্মকর্তা।



