
সুইডিশ পার্লামেন্টের টয়লেটে কোকেনের আলামতে উদ্বেগ
সুইডিশ পার্লামেন্টে প্রতিনিধিত্বকারী আটটি দলের মধ্যে চারটির সদস্যদের জন্য সংরক্ষিত টয়লেটে ভয়াবহ মাদক কোকেনের চিহ্ন পাওয়া গেছে। সুইডেনের জাতীয় সংবাদপত্র আফটনব্লাডেট এক অনুসন্ধানী প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে। আফটনব্লাডেট পত্রিকার অনুসন্ধানী প্রতিবেদক লিসা হর্ন গোপনে পার্লামেন্ট ভবনের টয়লেটগুলো পরীক্ষা করেছেন। পরীক্ষাটিতে তিনি একটি বিশেষ ন্যাপকিন ব্যবহার করেন, যা কোকেনের সংস্পর্শে যাওয়া মাত্রই নীল হয়ে যায়।
পার্লামেন্টে সুইডেন ডেমোক্র্যাট, লিবারেল, সোশ্যাল ডেমোক্র্যাট এবং বাম দলের কার্যালয়ের টয়লেটগুলোতে কোকেনের অবশেষ পাওয়া গেছে বলে খবরে জানানো হয়। সংগৃহীত নমুনা ল্যাবরেটরিতে পাঠিয়েও সম্প্রতি ব্যবহৃত কোকেনের উপস্থিতির প্রমাণ পাওয়া গেছে। উল্লেখ্য, টয়লেটগুলো পার্লামেন্টের এমন সব জায়গায় অবস্থিত, যেখানে সাধারণত শুধু রাজনীতিবিদ সংসদ সদস্য ও তাঁদের সহকারী কর্মকর্তা-কর্মচারীরা কাজ করেন। সেখানে বাইরের সাধারণ লোকের প্রবেশাধিকার নেই।
খবরটি ছড়িয়ে পড়ার পর বিভিন্ন দলের বেশ কয়েকজন নেতা বিচলিত হয়ে পড়েন বলে জানা গেছে। উগ্র ডানপন্থী দল সুইডেন ডেমোক্রেটিক পার্টির নেতা জিমি অ্যাকেসনকে এ ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি সুইডিশ রেডিওকে বলেন, ‘আইন কী বলে তা জানি না। কিন্তু আমি মনে করি, অন্য যেকোনো কর্মক্ষেত্রের মতো পার্লামেন্টে যাঁরা কাজ করেন, তাঁদেরও প্রত্যেকের ওপর মাদকের জন্য পরীক্ষা করা উচিত। তা অবশ্যই যুক্তিসংগত হবে।’
সুইডিশ মাদকবিরোধী পুলিশ অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান লেনার্ট কার্লসন পার্লামেন্ট ভবনের টয়লেটে মাদকদ্রব্যের নমুনা মেলার ঘটনাটিকে অত্যন্ত গুরুতর বলে অভিহিত করেছেন।



