
সুইডেনে কোরআন পোড়ানোর ঘটনায় পোপ ফ্রান্সিসের নিন্দা
সুইডেনের রাজধানী স্টকহোমে পবিত্র কোরআন পোড়ানোর ঘটনায় ক্ষোভ ও বিরক্তি প্রকাশ করেছেন পোপ ফ্রান্সিস। এমন কর্মকাণ্ডে তিনি ক্ষুব্ধ ও বিরক্ত বলেও জানিয়েছেন খ্রিস্ট ধর্মাবলম্বীদের সর্বোচ্চ এই ধর্মীয় গুরু। সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) সংবাদপত্রকে দেওয়া এক সাক্ষাৎকারে পোপ ফ্রান্সিস এই মন্তব্য করেন। বাক স্বাধীনতার নামে এ ধরনের কর্মকাণ্ডের নিন্দা জানানোর পাশাপাশি এটি প্রত্যাখ্যানও করেছেন তিনি।
পোপ বলেন, ‘পবিত্র বলে বিবেচিত যেকোনো গ্রন্থকে সম্মান করা উচিত। আমি এ ধরনের কর্মকাণ্ডে ক্ষুব্ধ এবং বিরক্ত বোধ করি।’ তিনি আরো বলেন, কোরআন পোড়ানোর ঘটনা অনুমোদন দেয়া অগ্রহণযোগ্য এবং নিন্দিত। মত প্রকাশের স্বাধীনতাকে অন্যদের বিরক্ত করার অজুহাত হিসেবে ব্যবহার করা উচিত নয়।
বিশ্বের ক্যাথলিক সম্প্রদায়ের প্রধান এ ধর্মগুরু আরও বলেন, আমাদের লক্ষ্য হলো প্রতিটি মানুষের ধর্মীয় অনুভূতিকে সম্মান জানানো এবং সবার প্রতি সহযোগিতা ও ভ্রাতৃত্বসূলভ আচরণ করা।
সম্প্রতি সুইডেনের রাজধানী স্টকহোমে বিক্ষোভের সময় পবিত্র কোরআনকে অবমাননা করার একটি কর্মসূচি পালনের অনুমতি দেয় দেশটির সরকার। এর ধারাবাহিকতায় বুধবার (২৮ জুন) ঈদুল আজহার দিনে ইরাক থেকে আসা অভিবাসী সলমন মোমিকা মসজিদের সামনে দাঁড়িয়ে কোরআন পোড়ান। সে সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পাশে দাঁড়িয়ে ছিলেন।
এর আগেও সুইডেনে রাষ্ট্রীয় সমর্থনে পবিত্র কোরআন পোড়ানোর মতো ঘটনা ঘটেছে। তবে এবারের ঘটনা ঘটেছে ঈদুল আজহার কাছাকাছি সময় যখন পবিত্র মক্কায় লাখ লাখ মুসলমান হজ পালন করছেন।
কোরআন পোড়ানোর ঘটনায় ‘অরগানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন (ওআইসি)’ জরুরি বৈঠক আহ্বান করেছে। আগামী সপ্তাহে সংস্থাটির সদর দপ্তর জেদ্দায় এ বৈঠক হওয়ার কথা রয়েছে। আরব নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
এর পরেই গতকাল সুইডেনের সরকার স্টকহোমের প্রধান মসজিদের বাইরে কুরআন পোড়ানোর নিন্দা করেছে।
সুইডেন সরকার এটিকে ‘ইসলামোফোবিক’ কাজ বলে অভিহিত করেছে। সুইডেনের পররাষ্ট্র মন্ত্রণালয় রবিবার এক বিবৃতিতে বলেছে, ‘সুইডেনের সরকার পুরোপুরি বোঝে যে, সুইডেনে বিক্ষোভে কিছু মানুষের দ্বারা সংঘটিত ইসলামফোবিক কর্মকাণ্ড মুসলমানদের জন্য আক্রমণাত্মক হতে পারে।’ সুইডেন সরকার আরো জানায়, ‘আমরা এই কাজগুলোর তীব্র নিন্দা করি। যা কোনভাবেই সুইডিশ সরকারের দৃষ্টিভঙ্গি প্রতিফলিত করে না।’
সৌদি ভিত্তিক ‘অর্গানাইজেশন অফ ইসলামিক কো-অপারেশন (ওআইসি)’ থেকে ভবিষ্যতে কোরআন অবমাননা এড়াতে সম্মিলিত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে। ৫৭ সদস্যের সংস্থাটি বুধবারের ঘটনার প্রতিক্রিয়া জানাতে জেদ্দা সদর দপ্তরে মিলিত হয়েছিল। ওআইসির মুখপাত্র জানিয়েছেন, বৈঠকে কোরআন পোড়ানোর মতো ঘৃণ্য কাজের বিষয়ে সব মুসলিম দেশের ঐকমত্যের ভিত্তিতে কার্যকর পদক্ষেপ নেওয়ার বিষয়ে আলোচনা করা হবে।
এদিকে, ঈদের দিন সুইডেনের রাজধানী স্টকহোমে কোরআন পোড়ানোর ঘটনায় নিন্দা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এ ঘটনাকে ‘আপত্তিকর, অসম্মানজনক ও উস্কানিমূলক কাজ’ বলেও অভিহিত করেছে ইইউ।
সূত্র: রয়টার্স, আলজাজিরা



