যুক্তরাষ্ট্র

সুদানের ওপর নিষেধাজ্ঞার হুমকি বাইডেনের

সুদানে চলমান সংঘাত বন্ধ না হলে দেশটির ওপর নয়া নিষেধাজ্ঞা চাপানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। গত বৃহস্পতিবার তিনি বলেন, এই লড়াই অবশ্যই শেষ করতে হবে।

বার্তা সংস্থা এএফপি জানায়, সুদানে অস্ত্রবিরতি সত্ত্বেও গোলাগুলি, বিস্ফোরণে প্রকম্পিত হচ্ছে রাজধানী খার্তুম। আর্মড কনফ্লিক্ট লোকেশন এবং ইভেন্ট ডেটা প্রজেক্টের হিসেবে গত ১৫ এপ্রিল থেকে ছড়িয়ে পড়া লড়াই সংঘাতে অন্তত ৭০০ মানুষ নিহত হয়েছেন। রাজধানী খার্তুম এবং পশ্চিম দারফুরেই বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। প্রায় তিন সপ্তাহ ধরে চলা এই লড়াই প্রায় এক লাখ মানুষকে গৃহহীন করেছে। আরও লাখ লাখ মানুষ প্রাণ বাঁচাতে ঘরবাড়ি ছাড়তে বাধ্য হতে পারেন বলে সতর্ক করেছে জাতিসংঘ।

সুদানের সেনাপ্রধান জেনারেল আবদেল ফাত্তাহ আল-বুরহান এবং আধা সামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) প্রধান জেনারেল মোহামেদ হামদান দাগালোর মধ্যে ক্ষমতার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে এই সংঘাতের সূত্রপাত ঘটে।

বাইডেন গত বৃহস্পতিবার একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন। এতে সুদানের শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতায় বিনষ্টকারী জারি করার কর্তৃত্বের প্রসারণ করা হয়। সেই সঙ্গে সুদানের গণতান্ত্রিক উত্তরণের প্রতি অবজ্ঞাকারীরাও যুক্তরাষ্ট্রের শাস্তির আওতায় পড়বে বলে বাইডেন জানান। বাইডেন বলেন, সুদানে চলমান সহিংসতা একটি ট্র্যাজেডি। এটি সুদানের জনগণের বেসামরিক সরকার গড়ার দাবি এবং গণতান্ত্রিক উত্তরণের প্রতি বেইমানি।

এদিকে সুদানের লড়াইয়ে শিশুদের ওপর সহিংসতার ভয়াবহ প্রভাব সম্পর্কে সতর্ক করেছে জাতিসংঘ।

জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথরিন রাসেল বলেন, সুদানের পরিস্থিতি বিপর্যয়ের দিকে ধাবিত হচ্ছে এবং শিশুরা ক্রসফায়ারের শিকার হচ্ছে। সুদানের শিশুদের স্বার্থে সহিংসতা বন্ধ করতে হবে।

হামলার কারণে দেশজুড়ে শিশুদের সহায়তা পৌঁছে দেয়ার ক্ষমতা সীমিত হয়েছে বলে জানিয়েছে ইউনিসেফ। সংস্থাটি বলছে, সুদানে সংঘাতে অন্তত ১৯০ জন শিশু নিহত ও ১ হাজার ৭০০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension