
সুষমা স্বরাজের মৃত্যুতে শোকপ্রকাশ বিরাটের
রূপসী বাংলা স্পোর্টস ডেস্ক: যুক্তরাজ্যের মাটিতে প্রথম দু’টি ম্যাচ জিতে সিরিজ মুঠোয় চলে এসেছিল আগেই। মঙ্গলবার গায়ানায় তৃতীয় তথা শেষ টি-২০ ম্যাচে ৭ উইকেটে হারিয়ে টি-২০ সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করেছে টিম ইন্ডিয়া। কিন্তু ম্যাচে জিতে ওঠার পরেই প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের মৃত্যুর খবর পায় ভারতীয় ক্রিকেট দল। গোটা দেশের সঙ্গে বিদেশের মাটিতে ভারতীয় ক্রিকেট শিবিরেও নেমে আসে শোকের ছায়া।
বুধবার ভারতীয় সময় সকাল ১১টা নাগাদ সোশ্যাল মিডিয়ায় একটি টুইট করে সুষমা স্বরাজের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করলেন দলনায়ক বিরাট কোহলি। উল্লেখ্য, মঙ্গলবার রাতে হৃদরোগে আক্রান্ত হন প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। নয়াদিল্লির এইমসে আশঙ্কাজনক অবস্থায় তাঁকে ভর্তি করা হলে হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মোদী সরকারের প্রথম জমানার সফল বিদেশমন্ত্রী। ইন্দিরা গান্ধীর পর দ্বিতীয় মহিলা হিসেবে বিদেশমন্ত্রকের গুরুদায়িত্ব সামলেছেন সুষমা স্বরাজ।
Deeply saddened by the news of Sushma Ji's demise, may her soul rest in peace. 🙏🏼
— Virat Kohli (@imVkohli) August 7, 2019
স্বভাবতই প্রাক্তন বিদেশমন্ত্রীর মৃত্যুতে টুইটারে শোকবার্তা জ্ঞাপন করতে থাকেন ক্রীড়াজগতের একাধিক নামীদামী তারকারা। এদিন সকালে কোহলি টুইটারে লেখেন, ‘সুষমা জি’র মৃত্যুতে গভীরভাবে শোকাহত। তাঁর আত্মার শান্তি কামনা করি।’ উল্লেখ্য মৃত্যুর কয়েকঘন্টা আগে জম্মু-কাশ্মীরে আর্টিকল ৩৭০ রদ করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জ্ঞাপন করেছিলেন প্রয়াত সুষমা স্বরাজ। তিনি লেখেন, ‘ধন্যবাদ প্রধানমন্ত্রী। অনেক ধন্যবাদ। আমার জীবদ্দশায় এই দিনটা দেখার অপেক্ষাতেই ছিলাম।’
গত পাঁচ বছরে বিদেশমন্ত্রী হিসেবে সুষমা স্বরাজের সাফল্য নিঃসন্দেহে প্রশংসা পেয়েছে বিভিন্ন মহলে। রাষ্ট্রসংঘে পাকিস্তান বিরোধী কড়া বার্তা মনে রাখার মত। যখনই কোনও ভারতীয় বিশ্বের কোনও প্রান্তে বিপদে পড়েছেন, তাঁর দিকে হাত বাড়িয়ে দিয়েছেন সুষমা। দীর্ঘদিন ধরে পাকিস্তানে আটকে থাকা মুক ও বধির ভারতীয় মেয়েকে দেশে ফিরিয়ে এনেছেন সুষমা। কিন্তু শারীরীক অসুস্থতার কারণেই ২০১৯ লোকসভা নির্বাচন থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন তিনি।



