
রুমানা নাসরীন
আমার খেয়ালী মনে সমুদ্রের নোনা জল ছিটিয়ে
যখন বেখেয়ালেই নিয়ে নিয়েছ দখলদারিত্ব,
এক মুঠো চকচকে বালুতে যখন বুনতে শিখিয়েছ
এক সমুদ্র ফেনিল স্বপ্ন
এক চিলতে মুচকি হাসিতে যখন মেলে দিয়েছ স্বপ্নলোকের অভয়ারণ্য
প্রাণহীন দু’চোখে যখন এঁকে দিয়েছো গাঢ় কলাপাতা
রঙ আশা
আমার সাদাকালো অনুভূতিগুলো যখন পেয়েছে
উড়ন্ত মেঘের ডানা
আমি জেনে গেছি…
আমি জেনে গেছি স্বর্গ মর্ত্যের সুখের ঠিকানা।
আমি পেয়ে গেছি সেই প্রাসাদের গোপন চাবি
যেখানে আলোর সমান্তরালে চলে আলো।
যেখানে সুখের চুলে বিলি কাটে কেবল সুখ।
যেখানে হাসতে হাসতে পরাজিত হয় আত্মার অসুখ।
আমার স্বপ্নলোকের সহযাত্রী,
তোমার হাতেই সঁপেছি আমার পদ্মফুল বিকেল,
জুঁইফুল রাত্রি।



