
হাফিজুর রহমান
কষ্টের সিঁড়ি ভেঙ্গে সুখের দেখা পাওয়ার নেশায়
উপরে উঠার চেষ্টায়, আজ বড় ক্লান্ত আমি!
ক্লান্ত, সত্যিই বড়ো ক্লান্ত।
ঝরে পড়া ফুলের উপর হেঁটে-হেঁটে গড়ে তুলেছি-
ভুলের পাহাড়, নষ্ট মনের কষ্টে বড়ই ক্লান্ত আমি,
মেনে নিতে-নিতে হার।
বৈরীভাবাপন্ন সময়ের সেই তাণ্ডবলীলার নৃত্যে
অসংখ্যবার ক্ষতবিক্ষত হৃদয় বরাবরই তৃষ্ণার্ত
তবুও- স্বপ্ন দেখা – সুখে থাকার
বেঁচে থাকা – ভালোবাসার, জীবন নামের হিমাগারে।
এ যন্ত্রণা দেহের নয়!
যখন সঞ্চিত হতে থাকে ধীরে-ধীরে মনের কোষাগারে
পুঞ্জীভূত যন্ত্রণাগুলোকে কেউ কি চায় আগলে রাখতে?
দুঃস্বপ্নের ভেবে বারবার ছুড়ে ফেলতে চাইলেও তা
অপসারণের সাধ্য কার?
সাদা কাগজে লিখতে গিয়েও বারবার ব্যর্থ হই লিখতে—
হাজারো আমার ব্যর্থতার ইতিহাস।
জীবনের পাতায় লেখা হয় অপরিকল্পিত অসংখ্য রেখায়
ক্ষত করতে আঁচড় কাটা নিত্য দৈন্যতার চিত্র।



