
করোনা মহামারির মধ্যে যুক্তরাষ্ট্রে আটকে থাকা ১১২ জন বাংলাদেশি নাগরিককে নিয়ে কাতার এয়ারওয়েজের দ্বিতীয় বিশেষ ফ্লাইট শনিবার নিউইয়র্ক থেকে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হয়েছে।
নিউ ইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল মিজ সাদিয়া ফয়জুন্নেসা বিমান বন্দরে যাত্রীদের বিদায় জানান। কনস্যুলেটের অন্যান্য কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
কাতার এয়ারওয়েজের বিমানটি (কিউ আর ৩৪৫৮) স্থানীয় সময় শনিবার সকাল ৯টায় জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।
দোহা বিমান বন্দরে প্রায় ৪ ঘণ্টা যাত্রা বিরতি করে বিমানটি (কিউ আর ৩৩৯০) রোববার বিকাল ৪টা ৪৫ মিনিটে (স্থানীয় সময়) ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণের কথা রয়েছে।
যাত্রীদের মধ্যে রয়েছেন যুক্তরাষ্ট্রের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ছাত্রছাত্রী, উচ্চ ডিগ্রী অর্জনে আসা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বিভিন্ন টেনিংয়ে অংশগ্রহণকারী, পেশাজীবী ও ব্যবসায়ী।
বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস এবং নিউইয়র্ক ও লসএঞ্জেলেস বাংলাদেশ কনস্যুলেট বাংলাদেশিদের দেশে ফেরত পাঠানোর জন্য প্রয়োজনীয় কাজ সম্পাদন করে।
গত ১৫ মে যুক্তরাষ্ট্রে আটকে থাকা ২৪২ জন বাংলাদেশিকে নিয়ে কাতার এয়ারওয়েজের প্রথম বিশেষ বিমান ওয়াশিংটন থেকে দেশে ফেরেন। ⛘



