
২০২৪ এর নির্বাচনে ট্রাম্পের বড় ইস্যু আফগানিস্তান
আফগানিস্তানে মার্কিনিদের নৈতিক পরাজয়ের সুযোগ হাতছাড়া করছেন না সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২০২৪ এর নির্বাচনি প্রচারণায় বাইডেনকে বাক্যবাণে ঘায়েল করার বড় ইস্যু এখন আফগানিস্তানই। আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের পর সেখানে সৃষ্ট বিশৃঙ্খল অবস্থার জন্য জো বাইডেনকে দায়ী করে ‘একহাত’ নিয়েছেন তিনি। বাইডেনের পদত্যাগও দাবি করেছেন ট্রাম্পসহ রিপাবলিকান অন্য নেতারা।
এরই ধারাবাহিকতায়, ‘ট্রাম্প প্রায় প্রস্তুত’ বলে মন্তব্য করেছেন রিপাবলিকান প্রতিনিধি জিম জর্ডান। এদিকে যুক্তরাষ্ট্রের আর্থসামাজিক অবস্থা নিয়ে হোয়াইট হাউজে এক মন্তব্যে বাইডেন বলেন, গত নির্বাচনে বাইডেনের জায়গায় অন্য কেউ নির্বাচিত হলে অবস্থা আরও নাজুক হতো। ডেইলি মেইল.কম।
সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০২৪ সালের নির্বাচনের জন্য প্রস্তুতির ক্ষেত্রে অনেকটাই এগিয়ে রয়েছেন বলে ডেইলি মেইল ডটকম প্রতিনিধির কাছে দাবি করেছেন তার সতীর্থ রিপাবলিকান জিম জর্ডান। টিভি সাংবাদিক লরেন উইন্ডসরকে দেওয়া সাক্ষাৎকারের ভিডিও ক্লিপ দেখে তার সঙ্গে কথা বলেন ডেইলি মেইল ডটকমের ওই প্রতিনিধি।
ডালাসে অবস্থানকালে জর্ডান এই প্রতিনিধিকে বলেন, ‘ডোনাল্ড ট্রাম্প আবারও প্রেসিডেন্ট হতে চলেছেন। কোনো সন্দেহ নেই। আমি তার সঙ্গে কথা বলে জেনেছি, তিনি প্রায় প্রস্তুত।’ ওহিওর এই রিপাবলিকান যোগ করে বলেন, ‘আফগানিস্তানের এসব পাগলামির পর তো তিনি (ট্রাম্প) বসে থাকতে পারেন না।’ এক টুইটার বার্তায় জর্ডানের বক্তব্যকে উপহাস করেছেন সাংবাদিক উইন্ডসর। এটা দেখে জর্ডানের এক মুখপাত্র অস্বীকার করে বলেন, ‘জর্ডান এমন কথা বলতে পারেন না।’
অন্য কেউ নির্বাচিত হলে পরিস্থিতি আরও নাজুক হতো -বাইডেন : ট্রাম্পের সাবেক উপদেষ্টা জেসন মিলার বৃহস্পতিবার বলেন, ‘ফের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ব্যাপারে মিস্টার ট্রাম্প অনেকটাই পজেটিভ। তবে আমি বলব এ সম্ভাবনা ৯৯ থেকে ১০০ ভাগ।’
ট্রাম্প জানিয়েছেন, ‘আমি বলতে চাই, আমার মনে হয় আগামী নির্বাচনে আমি দাঁড়ালে আপনারা খুশি হবেন, আমার বন্ধুরা আরও বেশি খুশি হবে।’
এ প্রেক্ষিতে গত মাসে ফক্স নিউজের শন হ্যানিটির ‘আপনি আগামী নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন কি-না, এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘আসলে নির্বাচনি প্রচারণার আইন অত্যন্ত জটিল এবং অবিশ্বাস্যভাবে নির্বোধ। এ কারণে এ প্রশ্নের সরাসরি উত্তর দেওয়া যাচ্ছে না। তবে আপনি কি বিশ্বাস করেন আমি নির্বাচনের জন্য প্রস্তুত?’



