
৯/১১ হামলার পরিকল্পনাকারীর বিচার কেন ঝুলে আছে!
মাহমুদুল হক
যুক্তরাষ্ট্রে ৯/১১ হামলার মূল পরিকল্পনাকারী খালিদ শেখ মোহাম্মদের বিচার কেন এখনও শেষ হচ্ছে না কেন!
২০ বছর আগে ছিনতাই করা যাত্রীবাহী বিমান দিয়ে যুক্তরাষ্ট্রের স্থাপনায় ভয়াবহ হামলা চালানোর মূল পরিকল্পনা করার অভিযোগ আনা হয়েছে যে লোকটির বিরুদ্ধে, তিনি আমেরিকার কারাগারে বন্দী রয়েছেন। সেখানে তার বিচার চলছে।

মালয়েশিয়ার একটি হোটেল রুমে বসে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআইয়ের গোয়েন্দা কর্মকর্তা ফ্র্যাঙ্ক পেলিগ্রিনো টেলিভিশনের পর্দায় বিমানগুলোকে টুইন টাওয়ারের ওপর আছড়ে পড়তে দেখেছিলেন। দেখার সঙ্গে সঙ্গে প্রথম যে কথাটি তার মাথায় এলো সেটি হলো, ‘মাই গড! এটা নিশ্চয়ই খালিদ শেখ মোহাম্মদের কাজ।’
ফ্র্যাঙ্ক পেলিগ্রিনো চাকরির কারণেই এ হামলার লক্ষ্য এবং উদ্দেশ্য সম্পর্কে তিনি জানতে পেরেছিলেন। পেলিগ্রিনো প্রায় তিরিশ বছর ধরে লেগেছিলেন খালিদ শেখ মোহাম্মদের পেছনে। কিন্তু এই দীর্ঘ সময়ে এখনও পর্যন্ত ১১ সেপ্টেম্বরের হামলার মূল-হোতার বিচার কাজ শেষ হয় নি। খালিদ শেখ মোহাম্মদের আইনজীবী ডেভিড নেভিন বলেছেন, এই মামলার বিচার কাজ শেষ হতে আরো বিশ বছর লেগে যেতে পারে।
যুক্তরাষ্ট্রের ওপর ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের হামলার সঙ্গে যে ব্যক্তি সবচেয়ে বেশি জড়িত তার নাম ওসামা বিন লাদেন। সেসময় তিনি ছিলেন আল কায়দার নেতা। কিন্তু এই হামলার ব্যাপারে যুক্তরাষ্ট্রের তদন্তকারী ‘৯/১১ কমিশনের’ মতে খালিদ শেখ মোহাম্মদ, সংক্ষেপে যিনি কেএসএম নামে পরিচিত, তিনিই ছিলেন হামলার ‘মূল পরিকল্পনাকারী।’ খালিদ শেখ মোহাম্মদই সেই ব্যক্তি যিনি বিমান দিয়ে এভাবে হামলার ধারণা দিয়ে সেটা আল-কায়দার কাছে নিয়ে গিয়েছিলেন।
খালিদ শেখ মোহাম্মদের জন্ম কুয়েতে। লেখাপড়া করেছেন আমেরিকায়। লেখাপড়া শেষে ‘৮০-এর দশকে আফগানিস্তানে যুদ্ধ করেছেন। ১১ সেপ্টেম্বরের হামলার কয়েক বছর আগে থেকেই এফবিআইয়ের গোয়েন্দা কর্মকর্তা ফ্র্যাঙ্ক পেলিগ্রিনো এই জিহাদিকে অনুসরণ করছিলেন। ১৯৯৩ সালে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে বোমা হামলার ঘটনায় এফবিআই পেলিগ্রিনোকে তদন্তের দায়িত্ব দিয়েছিল। যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ তখনই এ নামটির কথা প্রথম জানতে পারে। তদন্তে পাওয়া যায়, ওই হামলার সাথে জড়িত এক ব্যক্তির কাছে খালিদ অর্থ পাঠিয়ে ছিলেন।
এফবিআইয়ের গোয়েন্দা কর্মকর্তা ফ্র্যাঙ্ক খালিদ শেখ মোহাম্মদের উচ্চাকাঙ্ক্ষা সম্পর্কে কিছু ধারণা করতে পেরেছিলেন – যখন ১৯৯৫ সালে একটি পরিকল্পনার সাথে তার জড়িত থাকার কথা জানা গিয়েছিল। ওই পরিকল্পনায় প্রশান্ত মহাসাগরের ওপর বেশ কয়েকটি আন্তর্জাতিক বিমান উড়িয়ে দেওয়ার পরিকল্পনা করা হয়েছিল। পেলিগ্রিনো ‘৯০-এর দশকে যখন তাকে অনুসরণ করছিলেন, সেসময় তাকে একবার প্রায় ধরেই ফেলেছিলেন। তিনি এবং আরো একটি দল ওমানে যান। খালিদ শেখ মোহাম্মদকে ধরার জন্য তাদের পরিকল্পনা হলো তারা কাতার চলে যাবেন। তাকে ধরে নিয়ে আসার জন্য একটি বিমানও তৈরি রাখা হয়েছিল। তবে সেখানে যুক্তরাষ্ট্রের কিছু কূটনীতিক এই পরিকল্পনায় বাধা দেন।
পেলিগ্রিনো কাতারে গিয়ে সেখানে মার্কিন রাষ্ট্রদূত এবং অন্যান্য কর্মকর্তাদের বলেন, তার কাছে খালিদ শেখ মোহাম্মদের বিরুদ্ধে বিমান দিয়ে ষড়যন্ত্র করার অভিযোগ রয়েছে। তিনি বলেন, সেসময় তারা খুব সতর্ক হয়ে পড়ে এবং মনে করে যে সেরকম কিছু হলে সেটি সমস্যা তৈরি করবে। পেলিগ্রিনো মনে করলেন তারা ভেবেছে এটা হয়ত নৌকা দোলানোর মতো কোনো ঘটনা।
শেষ পর্যন্ত রাষ্ট্রদূত পেলিগ্রিনোকে জানান কাতারের কর্মকর্তারা খালিদ শেখ মোহাম্মদের কোনো খোঁজ পাচ্ছেন না। পেলিগ্রিনোর উৎকন্ঠিত। রাগও হয়েছিল। হতাশা কাজ করছিল । বুঝতে পারছিলেন খালিদকে ধরার একটা সুযোগ তারা হারিয়ে ফেললেন।
তবে পেলিগ্রিনো স্বীকার করেন নব্বইয়ের দশকের মাঝামাঝি পর্যন্ত খালিদ শেখ মোহাম্মদকে বড় ধরনের টার্গেট হিসেবে দেখা হয় নি। যুক্তরাষ্ট্রের ‘শীর্ষ দশ ফেরারির’ তালিকাতেও তার নাম ছিল না। সেখানে শেখ মোহাম্মদের নাম তিনি লেখাতে পারেন নি। তাকে বলা হয়েছিল, আরো বহু সন্ত্রাসী রয়ে গেছে।
যুক্তরাষ্ট্র খালিদকে ধরতে চাইছে এই তথ্য সম্ভবত তাকে কেউ জানিয়ে দিয়েছিল। এরপর তিনি কাতার ছেড়ে আফগানিস্তান চলে যান। পরের কয়েক বছর ধরে তার নাম বারবারই সামনে আসতে থাকে। বিশ্বে সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত থাকার সন্দেহে যাদেরকে ধরা হয়, তাদের অনেকের কাছে খালিদের নাম পাওয়া যায়। সেখান থেকেই স্পষ্ট ধারণা হয়, তার সঙ্গে অনেকের যোগাযোগ রয়েছে।
এরই কোনো এক ফাঁকে খালিদ ওসামা বিন লাদেনের কাছে একটি পরিকল্পনা নিয়ে হাজির হন। তাতে পাইলটদের প্রশিক্ষণ দিয়ে বিমান উড়িয়ে যুক্তরাষ্ট্রের ভেতরে কিছু ভবনের ওপর হামলা চালানোর ধারণার কথা বলা হয়। এর পরই ১১ সেপ্টেম্বরের হামলার ঘটনা ঘটে। এ হামলায় খালিদের জড়িত থাকার ব্যাপারে পেলিগ্রিনোর সন্দেহ তখনই প্রমাণিত হয় যখন হেফাজতে থাকা আল-কায়দার গুরুত্বপূর্ণ একজন নেতা তাকে চিনতে পারেন। সবাই তখন বুঝতে পারল এটা ফ্র্যাংকের সে লোকটিই করেছে।
“আমরা যখন জানতে পারলাম যে সেই-ই ওই ব্যক্তি, তখন আমার চেয়ে বেশি দুঃখ আর কেউ পায়নি।”
খালিদ শেখ মোহাম্মদকে ২০০৩ সালে পাকিস্তানে খুঁজে পাওয়া যায়। সেখান থেকে তাকে গ্রেফতার করা হয়। পেলিগ্রিনো আশা করেছিলেন খালিদের বিরুদ্ধে যে অভিযোগ নিয়ে তিনি কাজ করছিলেন তাতে তার বিচার হবে। কিন্তু এরপর তিনি নিখোঁজ হয়ে যান। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ তাকে এমন একটি গোপন জায়গায় নিয়ে যায় যেখানে ‘জিজ্ঞাসাবাদের ব্যাপারে আরও উন্নত কৌশল’ ব্যবহার করা হয়।
সিআইএর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা সেসময় বলেছিলেন, আমি জানতে চেয়েছিলাম সে কী জানে, এবং সবার আগে আমি এটাই জানতে চেয়েছিলাম।
জিজ্ঞাসাবাদের সময় খালিদ শেখ মোহাম্মদের মাথা অন্তত ১৮৩ বার পানির ভেতরে ডুবিয়ে রাখা হয়। এই পদ্ধতিকে বলা হয় ‘ওয়াটারবোর্ডিং।’ এই প্রক্রিয়ায় একসময় ওই লোকটির পানিতে ডুবে যাওয়ার মতো অনুভূতি হয়। তার পায়ুপথ দিয়ে পানি প্রবেশ করানো হয়। শারীরিকভাবে শাস্তি দেওয়া হয়, ঘুমাতে দেয়া হয় না, নগ্ন করে রাখা হয় এবং তাকে বলা হয় তার সন্তানদের মেরে ফেলা হবে। এসময় তিনি বেশ কয়েকটি ষড়যন্ত্রের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেন। কিন্তু পরে সিনেটের এক রিপোর্টে দেখা যায় যেসব গোয়েন্দা তথ্য উপস্থাপন করা হয়েছে তার বেশিরভাগই আটক ব্যক্তির তৈরি করা।
সিআইএর বন্দী করে রাখার কর্মসূচির বিস্তারিত তথ্য প্রকাশিত হয়ে যাওয়ার পর খালিদ শেখ মোহাম্মদের মতো ‘মূল্যবান বন্দীদেরকে’ ২০০৬ সালে গুয়ান্তানামো বে কারাগারে সরিয়ে নেওয়া হয়। পরে সেখানে এফবিআইকে যেতে দেওয়া হয়। ফ্র্যাংক পেলিগ্রিনো যার পেছনে এত দীর্ঘ সময় কাটিয়েছেন, শেষ পর্যন্ত ২০০৭ সালের জানুয়ারি মাসে তিনি খালিদের মুখোমুখি হন।
তারা দু’জন বসেছিলেন টেবিলের দু’পাশে।
ফ্র্যাংক খালিদকে জানাতে চেয়েছিলেন, নব্বই দশকে তাকে অভিযুক্ত করার ব্যাপারে তিনি জড়িত ছিলেন। উদ্দেশ্যটি ছিল ১১ সেপ্টেম্বরের হামলার বিষয়ে তথ্য বের করতে তার সঙ্গে আলোচনার একটা পথ খুলে তৈরি করা। এর বেশি আর ফ্র্যাঙ্ক এ বিষয়ে বিস্তারিত কিছু জানাতে চান নি। শুধু বললেন, আলোচনায় খালিদ বেশ ভালোভাবেই অংশ নিয়েছিল। আর বিশ্বাস করবেন কিনা জানি না, তার রসবোধ ছিল দারুণ তীব্র।
সন্দেহভাজন কুখ্যাত সন্ত্রাসী খালিদ শেখ মোহাম্মদকে প্রায়ই গুয়ান্তানামো বে কারাগারের শুনানিতে দেখা গেছে। পেলিগ্রিনো তার মনোযোগ কাড়তে তাকে ‘কারদাশিয়ান’ বলে অভিহিত করতেন। কিন্তু তার মধ্যে কোনো অনুশোচনা লক্ষ্য করা যায় নি। কিন্তু পেলিগ্রিনো নিশ্চিত ছিলেন এই কাজটা সেই করেছে। খালিদ শেখ মোহাম্মদের সঙ্গে ছয়দিন কথা বলার পর পেলিগ্রিনো ভাবলেন যথেষ্ট হয়েছে।
১১ সেপ্টেম্বরের হামলার বিচারের জন্য বেশ কয়েকবার উদ্যোগ নেওয়া হলেও সেটা হয় নি। নিউ ইয়র্কেও একটি বিচার অনুষ্ঠানের পরিকল্পনা করা হয়েছিল। পেলিগ্রিনো নিজেও নিউ ইয়র্কে থাকতেন। কিন্তু জনগণ ও রাজনৈতিক বিরোধিতার কারণে সেটিও হতে পারে নি। সবাই চিৎকার করে বলছিল এই লোকটাকে আমার উঠানে দেখতে চাই না। তাকে গুয়ান্তানামোতেই রেখে দেওয়া হোক।
পরে গুয়ান্তানামোতে তার সামরিক বিচারের উদ্যোগ নেওয়া হয়। কিন্তু নানা প্রক্রিয়ার কারণে এটিও বিলম্বিত হয়। কোভিড মহামারীর কারণে গুয়ান্তানামো বন্ধ হয়ে গেলে এই বিচার অনুষ্ঠান আরো জটিল হয়ে পড়ে। এ সপ্তাহে আরো অনেক শুনানি অনুষ্ঠিত হবে, কিন্তু বিচার শেষ হতে এখনও বহু পথ বাকি।
খালিদ শেখ মোহাম্মদের আইনজীবী ডেভিড নেভিন মনে করেন এখন যেসব শুনানি অনুষ্ঠিত হচ্ছে সেগুলো আসলে করা হয়েছে হামলার ২০তম বার্ষিকীতে কিছু একটা যে হচ্ছে সেটা মিডিয়াকে দেখানোর জন্য। ডেভিড নেভিন বলেন, তিনি আশা করছেন, ‘২০ বছরের বিচার প্রক্রিয়া শেষ হওয়ার ব্যাপারে কাজ হবে।’



