বাংলাদেশরাজনীতি

‘‌বিএনপি নয়, কাউন্সিলের সিদ্ধান্ত নেবে ছাত্রদল’

রূপসী বাংলা নিউজ ডেস্ক: বিএনপি নয়, কাউন্সিলের সিদ্ধান্ত ছাত্রদলই নেবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার বিএনপি চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। এর আগে বিকেল সোয়া ৪টায় গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বৈঠকে বসেন বিএনপির সিনিয়র নেতারা। বৈঠকে ভিডিও কনফারেন্সে লন্ডন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যুক্ত হন।

কাউন্সিলের বিষয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিষয়টি ছাত্রদলের। তাই এ বিষয়ে তারা সিদ্ধান্ত নেবে। আর আমরা (বিএনপি) এই সাথে জড়িত নই। তবে আমাদের কাছে যে জবাব চেয়েছেন, সেটা কোর্টের কাছে আমরা যথা সময় দেবো। সুতরাং ছাত্রদলের সিদ্ধান্ত ছাত্রদলই নেবে।

গত বৃহস্পতিবার ছাত্রদলের ৬ষ্ঠ কাউন্সিলের ওপর নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত। ছাত্রদলের সাবেক ধর্ম বিষয়ক সহ সম্পাদক আমানুল্লাহর আবেদনের প্রেক্ষিতে ঢাকা জজ কোর্টের ৪ নম্বর আদালত এ আদেশ জারি করেন।

আদালতের রায়ের বিষয়ে ফখরুল বলেন, ছাত্রদলের ৬ষ্ঠ কাউন্সিলের ওপর আদালতের নিষেধাজ্ঞা জারিতে সরকারের সরাসরি হস্তক্ষেপ আছে।

ছাত্রদলের কাউন্সিল কবে হবে- এই প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, আমি বিএনপির মহাসচিব হিসেবে এখন এই কথা বলছি না। এ বিষয়ে ছাত্রদলই বলবে। যারা কাউন্সিলের দায়িত্বে আছেন, তারাই বলবেন।

আগামীকাল শনিবার ছাত্রদলের ৬ষ্ঠ কাউন্সিল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এতে সভাপতি পদে ৯ জন ও সাধারণ সম্পাদক পদে ১৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছিলেন।

বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমেদ, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, ড. মঈন খান, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আমির খসরু মাহমুদ চৌধুরী, বেগম সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু প্রমুখ উপস্থিত ছিলেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension