
আটলান্টিক সিটি বিএএসজে ও নগর কর্তৃপক্ষের খাদ্য সহায়তা
আটলান্টিক সিটি প্রতিনিধি: আগামী ২৫ নভেম্বর,বৃহস্পতিবার সমগ্র যুক্তরাষ্ট্রে থ্যাংকস গিভিং ডে উপলক্ষে আটলান্টিক সিটি নগর কর্তৃপক্ষ (সিডিবিজি) ও বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির যৌথ উদ্যোগে গত ২২ নভেম্বর (সোমবার) আটলান্টিক সিটিতে খাদ্য সহায়তা দেওয়া হয়।
সিটি হলের সামনের খোলা প্রাঙ্গণে ওইদিন সকাল এগারটা থেকে ‘আগে আসলে আগে পাবেন’ ভিওিতে খাদ্য সহায়তা দেয়া হয়।
খাদ্য সহায়তা পেতে আগ্রহীরা বৈধ আইডি (ড্রাইভিং লাইসেন্স), উপার্জনের সপক্ষে (২০২০ সালের ট্যাক্স ফাইলের কপি/ সাম্প্রতিক পে স্টাবের কপি) উপস্থাপন করে নাম অন্তর্ভুক্ত করেন।
আটলান্টিক সিটির মেয়র মার্টি স্মল খাদ্য সহায়তা কর্মসূচি উদ্বোধন করেন। মেয়রের সঙ্গে তার প্রধান নির্বাহী, সিটি কাউন্সিল সভাপতি জর্জ টিবিট, নগর কর্তৃপক্ষের উর্ধ্বতন কর্মকর্তা, আটলান্টিক সিটি স্কুল বোর্ড সদস্য সুব্রত চৌধুরী, পুলিশ কর্মকর্তা সুমন মজুমদার, বিএএসজে নেতারাসহ কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আটলান্টিক সিটির মেয়র মার্টি স্মল রূপসী বাংলার সঙ্গে আলাপকালে কমিউনিটি সেবায় বিএএসজের সক্রিয় ভূমিকার ভূয়সী প্রশংসা করেন।
বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির ট্রাস্টি বোর্ডের সভাপতি আব্দুর রফিক, কার্যকরী সভাপতি জহিরুল ইসলাম বাবুল ও সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম খোকা বাংলাদেশি-আমেরিকানসহ অন্যান্য কমিউনিটির লোকদেরকে খাদ্য সহায়তা গ্রহণ করায় ধন্যবাদ জানান।



