
অর্জিত বিজয়
তুহীন বিশ্বাস
অন্তর্দৃষ্টিতে দেখো ঐ লাল সবুজের পতাকা-
খুঁজে পাবে অস্পষ্ট বিন্দু বিন্দু রক্তের কুৎসিত দাগ,
কারিগরের আর্তনাদ আর্তচিৎকারে কম্পিত ইথারের প্রতিচ্ছবি,
ঘাসের ডগায় শুকিয়ে যাওয়া বিধবার নয়নাশ্রু,
অর্জিত স্বাধীনতায় কন্যা জায়া জননীর সম্ভ্রমহানির বীভৎসতার ছাপ,
সন্তান হারা মায়ের শূন্য বক্ষ যন্ত্রের নৈঃশব্দ্য ক্রন্দন ধ্বনি,
পথে ঘাটে মাঠে ছড়ানো ছিটানো ছিন্নভিন্ন বেওয়ারিশ লাশের গন্ধ,
কুকুর শিয়ালের টানাটানি মাঝে আত্মজের খোঁজে বৃদ্ধা অন্ধ।
নয়টি মাসের প্রতিটি দুর্বিষহ ক্ষণের সৃষ্ট আতঙ্ক পাহাড়,
থেমে যাওয়া কৃষকের লাঙ্গল, অভুক্ত নবজাতক কঙ্কালসারের নমুনা,
অনিশ্চিত অন্ন বস্ত্র বাসস্থানের কোটি মানুষের হাহাকার।
আর, হায়েনা-দুর্বৃত্তদের আগুনে ঝলসানো গলিত মাংসপিণ্ডের মোটা দাগ।
অবশেষে…
ত্রিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত বিজয়।
কথা দিলাম…
রক্ষা করবো স্বাধীনতার মান, অটুট রাখবো মোরা হবে না ক্ষয়।
প্রাপ্ত স্বাধীনতায় সবাই ত্যাগের কথা করিও স্মরণ,
অত্যাচার অনাচার কদাচার আর হবে না অকারণ।



