আন্তর্জাতিকপ্রধান খবরভারতরাজনীতি

উত্তপ্ত আসাম, কারফিউ ভেঙে মানুষ রাস্তায়, ট্রেন বন্ধ, বাতিল বিমান

টুইট করেছেন স্বয়ং প্রধানমন্ত্রী। তাতেও নাগরিকত্ব সংশোধনী বিল (সিএবি) নিয়ে বিক্ষোভ থামানো গেল না আসামে। বরং কার্ফু ভেঙেই এ বার গুয়াহাটির রাস্তায় নেমে এলেন সাধারণ মানুষ। কেন্দ্রীয় সিদ্ধান্তের বিরুদ্ধে চলছে স্লোগানও। নিরাপত্তাবাহিনীর উপস্থিতিতেই জায়গায় জায়গায় বিক্ষোভ দেখাচ্ছেন তাঁরা। জ্বলন্ত কাঠ ফেলে রাস্তা অবরোধের অভিযোগ উঠেছে তাঁদের বিরুদ্ধে। এমনকি ডিব্রুগড়ে রাষ্ট্রীয় স্বয়ম সেবক সঙ্ঘের একটি দফতরে তাঁরা হামলা চালিয়েছেন বলে অভিযোগ স্থানীয় বিজেপি নেতাদের। দফতরের বাইরে বেশ কয়েকটি গাড়িও জ্বালিয়ে দেওয়া হয় বলে দাবি তাঁদের।

নাগরিকত্ব সংশোধনী বিলের প্রতিবাদে গতকালই জ্বলে উঠেছিল আসামে। কোনও সংগঠন ছাড়া সাধারণ মানুষ এবং পড়ুয়ারাই রাস্তায় নেমে এসেছিলেন সেইসময়। তবে এ দিন আন্দোলনকারীদের পাশে দাঁড়িয়েছে অল আসাম স্টুডেন্টস ইউনিয়ন (আসু) এবং কৃষক মুক্তি সংগ্রাম সমিতি (কেএমএসএস)। সাধারণ মানুষকে ঘর ছেড়ে রাস্তায় নামার আর্জি জানিয়েছে তারা।

এ দিন আসুর তরফে একটি বিবৃতি প্রকাশ করে বলা হয়, ‘‘নাগরিকত্ব সংশোধনী বিলের বিরুদ্ধে লড়াই চলবে। বেলা ১১টায় গুয়াহাটির লতাশিল ময়দানে জমায়েত রয়েছে। তার জন্য সকলকে ঘর ছেড়ে রাস্তায় নামার আর্জি জানাচ্ছি আমরা।’’

এমন পরিস্থিতিতে এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো, স্পাইসজেট, ভিস্তারা, গো এয়ার-সহ বেশ কিছু সংস্থা অসম বিমান বন্দর থেকে তাদের একাধিক বিমানের উড়ান বাতিল করেছে। বাতিল করা হয়েছে বেশ কিছু বিমানের অবনমনও। এয়ারপোর্ট অথরিটি অব ইন্ডিয়ার উত্তর-পূর্ব শাখার একজিকিউটিভ ডিরেক্টর সঞ্জীব জিন্দল বলেন, ‘‘ডিব্রুগড়ে ৯টি বিমানের উড়ান বাতিল করা হয়েছে। বিমানবন্দর সংলগ্ন এলাকায় কোনও ট্যাক্সিও পাওয়া যাচ্ছে না, যার ফলে গতকাল যাঁরা বিমানবন্দরে পৌঁছেছিলেন, তাঁরা এখনও আটকে।’’

এ ছাড়াও এয়ার ইন্ডিয়ার তরফে কলকাতা থেকে ডিব্রুগড়গামী একটি বিমান বাতিল করা হয়েছে। গুয়াহাটি এবং ডিব্রুগড় থেকে দু’টি বিমানের উড়ান বাতিল করেছে ভিস্তারা। ইন্ডিগো, স্পাইসজেট এবং গো এয়ারের তরফেও একাধিক বিমান বাতিল করা হয়েছে। আববার উড়ানের সময়সূচিও বদলেছে একাধিক বিমানের। ১৩ ডিসেম্বর পর্যন্ত গুয়াহাটি, ডিব্রুগড় এবং যোরহাটগামী এবং সেখান থেকে যত বিমান বাতিল হবে, সেই বাবদ ভাড়ার টাকা যাত্রীদের ফেরত দেওয়া হবে বলে স্পাইসজেট এবং গো এয়ারের তরফে ইতিমধ্যেই জানানো হয়েছে।

গতকাল বিক্ষোভ চলাকালীন ডিব্রুগড়ের ছাবুয়ার একটি রেল স্টেশন চত্বরে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা। তিনসুকিয়ার পানিতোলা স্টেশন চত্বরেও আগুন ধরানো হয়, যার পর এ দিন অসমে সমস্ত লোকাল ট্রেন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ। আপাতত ডিব্রুগড় থেকে সমস্ত দূরপাল্লার ট্রেনও বন্ধ রাখা হয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আশ্বাস দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রীরা। ইতিমধ্যেই টুইটারে অসমবাসীর উদ্দেশে বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অসমিয়া ভাষায় তিনি লেখেন, ‘সিএবি নিয়ে আশঙ্কার কোনও কারণ নেই। কেউ আপনাদের অধিকার কাড়তে পারবে না।’ আসামের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালও এ দিন শান্তি বজায় রাখার আর্জি জানান সাধারণ মানুষের কাছে। বিজেপির জেলা স্তরের নেতাদের নিয়ে একটি বৈঠকে তিনি বলেন, ‘‘আমাদের হাতে যা তথ্য রয়েছে, তাতে এ রাজ্যে ৫ লক্ষের বেশি অনুপ্রবেশকারীকে নাগরিকত্ব দেওয়া হবে না। তাই আমাদের সংস্কৃতির এবং ঐতিহ্যের উপর কোনও সঙ্কট দেখা দেবে না।’’

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension