প্রধান খবরবাংলাদেশ

২৪ ঘণ্টার সময় বেঁধে দিয়ে শাজাহান খানকে ইলিয়াস কাঞ্চনের চ্যালেঞ্জ

নিরাপদ সড়ক চাই-আন্দোলনের বিদেশ থেকে অর্থ আনার বিষয়ে সড়ক পরিবহন ফেডারেশনের কার্যকরী সভাপতি শাজাহান খানের সম্প্রতি দেওয়া বক্তব্যকে ‘মিথ্যাচার’ উল্লেখ করে এর তীব্র প্রতিবাদ জানিয়েছেন নিসচার চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন।

কোথা থেকে কত টাকা পান, আগামী ২৪ ঘণ্টার মধ্যে তার তথ্য প্রমাণ জাতির সামনে তুলে ধরতে আহ্বান জানিয়েছেন  ইলিয়াস কাঞ্চন। তিনি বলেন, আমি শাজাহান খানকে ২৪ ঘণ্টার সময় বেঁধে দিচ্ছি। এই সময়ের মধ্যে এই তথ্য জাতির সামনে তুলে ধরতে হবে। নতুবা আমরা আইনের পথে হাঁটব।

জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে গতকাল নিরাপদ সড়ক চাই-নিসচা আয়োজিত এক সংবাদ সম্মেলন থেকে তিনি সড়ক পরিবহন ফেডারেশনের কার্যকরী সভাপতি শাজাহান খানের প্রতি এই চ্যালেঞ্জ ছুড়ে দেন। শাজাহান খানের বক্তব্যকে ‘মিথ্যাচার’ উল্লেখ করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি। তিনি বলেন, নিসচার বিদেশ থেকে অর্থ আনার বিষয়ে শাজাহান খানের সম্প্রতি দেওয়া বক্তব্য নিরাপদ সড়ক আন্দোলনকে পেছন থেকে ছুরিকাঘাতের শামিল। যদি তার সেই সৎ সাহস থাকে তাহলে সামনে এসে বিদেশ থেকে অর্থ আনার তথ্য প্রমাণ নিয়ে বসুন। প্রয়োজনে লাইভ টকশো হবে সারা দেশের মানুষ দেখবে।

আমরা মনে করি আইনের বাস্তবায়নকে বাধাগ্রস্ত করতে তিনি ‘উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে’ চাপাচ্ছেন। তাই আমরা তার বক্তব্যের সপক্ষের প্রমাণ দেশবাসীকে দেখানোর আহ্বান জানাচ্ছি। নইলে এই মিথ্যা ও জঘন্যতম বক্তব্যের প্রতিবাদে রাজপথে নামতে বাধ্য হবে নিসচা কর্মী ও দেশবাসী। তিনি বলেন, এই শাজাহান খানরা নিজেদের স্বার্থ হাসিলের জন্য শ্রমিকদের শুধুই ব্যবহার করে আসছেন। শ্রমিকদের জুজুর ভয় দেখিয়ে আমার বিরুদ্ধে ব্যবহার করছেন।

পরিবহন সেক্টরে বছরে বিভিন্ন খাতে যে টাকা তোলা হয়, সেই টাকার কত অংশ শ্রমিকদের কল্যাণে ব্যয় করা হয়েছে? কয়টা প্রতিষ্ঠান করা হয়েছে, শ্রমিকদের দক্ষ করার জন্য? কয়টি হাসপাতাল হয়েছে শ্রমিকদের স্বাস্থ্য সেবার জন্য? কয়টি শিক্ষাপ্রতিষ্ঠান হয়েছে শ্রমিকদের সন্তানদের লেখাপড়ার জন্য, কয়টি আবাসন পল্লী হয়েছে শ্রমিকদের জন্য, শ্রমিকদের জীবনমান উন্নয়নে এই টাকার কত অংশ ব্যয় করা হয়? এ পর্যন্ত কতজন চালক তৈরি করেছেন? চালকদের দক্ষ করার লক্ষ্যে কী উদ্যোগ নিয়েছেন? কিন্তু আমরা ২০ থেকে ২৫ হাজার চালককে প্রশিক্ষণের আওতায় এনেছি। আমরা মনে করি আমরা পথ দেখাতে পারি এবং সেই পথেই আছি। সংবাদ সম্মেলনে ইলিয়াস কাঞ্চন সরকারের কাছে নিজের ও নিচসা সদস্যদের জানমালের নিরাপত্তায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension