
পুনর্জন্মে তাদের দেখা হলো
বড় রাস্তার ক্যাফেটায়।
মাঠের দিকে মুখ করা ক্যাফেটায়।
সবচে সুন্দর আসন দুটোয় বসল তারা।
বিস্তৃত অতৃপ্ত উত্তেজনা,
গতজন্মের উচাটন,
অভিযোগ,
কত রাতের গিলে ফেলা কান্না—
সব নিয়ে মুখোমুখি।
কফি অর্ডার করল
মাঠের সবুজ নিয়ে কথা বলল,
কফির গন্ধ নিল।
চোরা চোখে, চাহুনি বিনিময়ের কালে,
কিংকর্তব্যবিমুঢ়।
খুব হাতরেও গত জন্মের উচাটনকে পাওয়া গেল না আর।
কান্নাগুলো মিশে গেল মাঠের সবুজে।
অভিযোগ উবে গেল কফির ধোঁয়ায়।
অতৃপ্ত উত্তেজনা, সে যেন অতৃপ্ত আত্মার মতো,
গত জন্ম ধরে অপেক্ষায় ছিল— একটা ঠিকঠাক রিচুয়ালের।
সেও তাই মুক্তি পেয়ে গেল সাক্ষাতে।
বোকা বোকা হাসি নিয়ে
ক্যাফের বিল মিটালো একজন।
বিল শেয়ার করতে দিল না।
শেষ ঋণে বাঁধার শিশুসুলভ চেষ্টা।
পরের জন্মে এই কারণেও
দেখা হয় যদি!



