
গুগলে লিঙ্গ বৈষম্য: নারী কর্মীকে ১.১ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ
গুগলের বিরুদ্ধে লিঙ্গ বৈষম্যের মামলা করে ১.১ মিলিয়ন ডলার জিতে নিয়েছেন এক নারী কর্মী। গুগল ক্লাউন্ডের একজন ডিরেক্টর উল্কু রোয়ে গুগলের বিরুদ্ধে ওই মামলা দায়ের করেন। তার অভিযোগ, যোগ্যতা থাকার পরেও তাকে একই পদে থাকা তার পুরুষ সহকর্মীদের থেকে কম বেতন দেয়া হচ্ছে। পাশাপাশি তার পদোন্নতিও আটকে রাখা হয়েছে বলে অভিযোগ করেন রোয়ে।
গালফ নিউজ জানিয়েছে, নিউ ইয়র্কের আদালত এই মামলায় ওই নারীর পক্ষে রায় দিয়েছেন। ফলে গুগলকে এখন ওই নারীকে ১.১ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ বাবদ দিতে হবে। এ রায়ের পর অ্যাটর্নি কারা গ্রিন বলেন, যুক্তরাষ্ট্রে কর্মক্ষেত্রে কোনো বৈষম্যকে আর মেনে নেয়া হবে না। এই রায় সেই বার্তাই দিল।
উল্লেখ্য, ২০১৮ সালে হাজার হাজার গুগলকর্মী সংস্কারের দাবিতে কোম্পানি থেকে বেরিয়ে এসেছিলেন। তারা গুগলের বিরুদ্ধে কর্মক্ষেত্রে যৌন নিগ্রহের অভিযোগ আনেন এবং কোম্পানির নীতি পরিবর্তনের দাবি তোলেন।



