
আসাদ ফিরে এসেছে,
গতকাল তাকে দেখেছি নয়া পল্টনে;
কিন্তু সময়-কে অবাক করে দিয়ে
সে রয়ে গেছে আগের মতোই
টগবগে যুবক।
চিরাচরিত অভ্যাস অনুযায়ী
বুকের বোতাম খোলা ছিল;
শ্রাবণ-পূর্ণিমার মতো
জামার ফাঁকে উঁকি দিচ্ছিল
বাংলাদেশের মতো তার বিশাল হৃদয়।
ফিরেছে নূর হোসেন,
উদোম দেহের উদ্দীপ্ত যুবক।
তার মুষ্টিবদ্ধ হাত
ছুঁয়ে দিতে চায় আকাশের নীল।
ঢাকার রাজপথে এখন
শোনা যায় তার প্রকম্পিত পদধ্বনি।
আমাদের দিন গুলো
যেন আজ রাতের অন্ধকার—
ডাকিনী কন্যার ললাটে
লেগে আছে রক্তের দাগ;
বিষ-বৃক্ষের ঝরা পাতায়
রুদ্ধ আমাদের প্রগতির পথ।
ফিরে এসো ইতিহাস,
পথে পথে প্রস্তুত তোমার মঞ্চ;
একটা দিয়াশলাই কাঠি দিয়ে জ্বেলে দাও
দুরন্ত দাবানল!



